ডোপ টেস্টে পজিটিভ নওয়াজ, তদন্তে আইসিসি
মাঠের পারফরম্যান্সের বাইরে হঠাৎই শিরোনামে উঠে এলেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। তবে এবার আলোচনার কারণ মোটেও স্বস্তিদায়ক নয়। ডোপ টেস্টে পজিটিভ ফল আসার পর তদন্তের মুখে পড়েছেন এই অলরাউন্ডার।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের শরীরে বিনোদনমূলক মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি এখন তদারকি করছে আইসিসি। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
ক্রিকইনফোকে পিসিবির এক মুখপাত্র বলেন, 'আইসিসি আমাদের বিষয়টি জানিয়েছে এবং আমরা নির্ধারিত প্রক্রিয়া শুরু করেছি। এই প্রক্রিয়ার ফলাফল আজই আইসিসিকে জানানো হবে।'
জানা গেছে, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েই এই নমুনা সংগ্রহ করা হয়েছিল। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই আসরে পাকিস্তান সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয়। পুরো টুর্নামেন্টে সাতটি ম্যাচেই খেলেছিলেন নওয়াজ, যেখানে তিনি ১৫ রান করেন এবং নেন ৭টি উইকেট।
এই ঘটনার প্রভাব পড়েছে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ারেও। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা টি-টোয়ন্টি ব্লাস্টে সাড়ে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলার কথা থাকলেও, সেই চুক্তি এখন বাতিল হয়ে গেছে।
মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলা এই টুর্নামেন্টে পুরো সময়ের জন্য নওয়াজকে পাওয়ার পরিকল্পনা ছিল সারের। পিসিবি আগেই তাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছিল, এবং ক্লাবটি আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু চলমান তদন্তের কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সারে।
তবে মাঠের ক্রিকেট এখনো চালিয়ে যাচ্ছেন নওয়াজ। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে নিয়মিত খেলছেন তিনি। সম্প্রতি করাচিতে রাওয়ালপিন্ডির বিপক্ষে জয়ের ম্যাচে তিন ওভার বল করে কোনো উইকেট পাননি।
এদিকে পুরো ঘটনাটি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি আইসিসি। ফলে তদন্তের ফলাফল এবং পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নওয়াজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।