দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে টস হতে দেরি, ম্যাচ নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

দেশজুড়ে চলমান বৃষ্টির ঝাপটা লেগেছে চট্টগ্রামেও। প্রবল বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সময়মতো টস হয়নি। দুপুর দেড়টায় টসের সময় চলছিল ভারী বর্ষণ। প্রতিকূল আবহাওয়ায় এমনকি ম্যাচ নিয়ে জেগেছে শঙ্কা।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করার লড়াইয়ে লিটন দাসদের প্রধান বাধা এখন আবহাওয়া।

মঙ্গলবারও চট্টগ্রামে বৃষ্টি ছিল, এতে শহরে দেখা দেয় জলাবদ্ধতা। নিউজিল্যান্ডের ঐচ্ছিক অনুশীলন সরিয়ে নেওয়া হয় ইনডোরে। স্বাগতিক বাংলাদেশ ম্যাচের আগের দিন অনুশীলন করেনি।

CTg

বুধবার ম্যাচের দিন সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এরপর দুপুর ১২টার দিকে পুরো শহরজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের অন্যান্য প্রান্তের মতো চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হতে পারে, যার অর্থ হলো ম্যাচটি সম্পন্ন করা অনিশ্চিত।

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। তাওহিদ হৃদয় ২৭ বলে অপরাজিত ৫১, পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৮ ও শামীম হোসেন পাটোয়ারী মাত্র ১৩ বলে করেছিলেন ৩১ রান।