এক সেঞ্চুরিতে শ্রেয়াসের ১৮ ধাপ লাফ
লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিতে ঝড়ো সেঞ্চুরির পর শ্রেয়াস আইয়ার বলেছিলেন, ‘এখনই ঘুম পাচ্ছে আমার’। টানা খেলার ক্লান্তি বেরিয়েছিল তার কণ্ঠে। তবে পরিশ্রমের ফল সব দিক থেকেই পেলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। আইসিসি র্যাঙ্কিংয়ের টেবিলে এক লাফে ১৮ ধাপ এগিয়ে এসেছেন ৩১ বছর বয়সী ব্যাটার।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা যায় আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা দশে জায়গা পেয়েছেন তিনি, তার অবস্থান এখন সাত।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের চারজন ব্যাটার এখন র্যাঙ্কিংয়ের সেরা দশে রাজত্ব করছেন—ঈশান কিষাণ (প্রথম), অভিষেক শর্মা (দ্বিতীয়), শ্রেয়াস আইয়ার (সপ্তম) ও তিলক বর্মা (দশম)।
একই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ঝোড়ো ব্যাটার শেরফেন রাদারফোর্ড অর্ধশতক হাঁকিয়ে ১০ ধাপ এগিয়ে ৩৭ নম্বর স্থানে উঠে এসেছেন। অন্যদিকে বোলারদের তালিকায় এসেছে বড় রদবদল।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস শেষে পাকিস্তান স্পিনার আবরার আহমেদকে হটিয়ে টি-টোয়েন্টির এক নম্বর বোলারের সিংহাসন পুনরুদ্ধার করেছেন আফগানিস্তানের রশিদ খান।
ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বাংলাদেশের দুই স্পিনার নাসুম আহমেদ ৩ ধাপ এগিয়ে অষ্টম ও শেখ মাহেদী হাসান ১০ ধাপ লাফিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। তবে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় চার ধাপ পিছিয়ে ১৭ থেকে ২১ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম।
টি-টোয়েন্টির পাশাপাশি পরিবর্তন এসেছে ওডিআই র্যাঙ্কিংয়েও। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ শেষে বেশ কয়েকজন ক্রিকেটার লাভবান হয়েছেন।
গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওডিআইতে রেকর্ড গড়ে অপরাজিত ২২৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন শুভমান গিল। এতে ব্যাটারদের শীর্ষে থাকা তার অবস্থান আরও মজবুত হয়েছে, বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৪১।
সিরিজের শেষ ম্যাচে ১৬২ রানের ইনিংস খেলে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। আর সাত ধাপ এগিয়ে যৌথভাবে দশম স্থানে নাম লিখিয়েছেন ভারতের বর্ষীয়ান ব্যাটার কে এল রাহুল। ওয়েস্ট ইন্ডিজের হিটার আমির জাঙ্গু সেরা ১০০-র বাইরে থেকে এক লাফে ৫৫তম স্থানে পৌঁছান। অন্যদিকে চার উইকেট নিয়ে ওডিআই বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা দশম স্থান দখল করেছেন জেইডেন সিলস।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ওডিআই অলরাউন্ডারদের তালিকায় সেরা দশে (দশম স্থান) উঠে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ বছর বয়সী অলরাউন্ডার মিলিন্দ কুমার।