দুর্দান্ত ৩ ক্যাচে বিশ্বরেকর্ড স্মিথের

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে তার কীর্তির শেষ নেই। এবার ফিল্ডিংয়েও ইতিহাসের পাতায় নিজের নামটি সবার ওপরে তুলে নিলেন স্টিভ স্মিথ। দিনের দ্বিতীয় ক্যাচটি ধরেই টেস্ট ক্রিকেটে উইকেটকিপার ছাড়া ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এরপর আরও একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে নিজের কীর্তিকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

স্মিথের রেকর্ড গড়ার শুরুটা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে। নাথান লায়নের বলে রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন বাভুমা। তবে শট খেলার আগেই যেন ব্যাটসম্যানের পরিকল্পনা বুঝে ফেলেছিলেন স্মিথ। বল ব্যাটে লাগার আগেই জায়গা বদলাতে শুরু করেন তিনি। ফলে ক্যাচটি যখন তার দিকে আসে, তখন সেটি তালুবন্দী করার জন্য একেবারে আদর্শ অবস্থানে ছিলেন অস্ট্রেলিয়ান তারকা।

এটি ছিল স্মিথের টেস্ট ক্যারিয়ারের ২২০তম ক্যাচ। একই সঙ্গে লায়নের বলে তার নেওয়া ৬৪তম ক্যাচ। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার হয়ে বোলার-ফিল্ডার জুটির অসাধারণ সমন্বয়ের আরেকটি উদাহরণ হয়ে থাকল এই উইকেট।

তবে ইতিহাস গড়ার মুহূর্তটি আসে প্যাট কামিন্সের বলে ডেভিড বেডিংহামকে ফেরানোর সময়। অফ স্টাম্প বরাবর একটু খাটো লেংথে বল করেছিলেন কামিন্স। বলটি কিছুটা অস্বস্তিকরভাবে লাফিয়ে ওঠায় পায়ের মুভমেন্ট ছাড়াই ব্যাট চালান বেডিংহাম। ব্যাটের বাইরের কানায় লেগে বল ছুটে যায় প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝামাঝি জায়গায়। মুহূর্তের মধ্যে বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন স্মিথ।

আর তাতেই ইতিহাস। ক্যারিয়ারের ২২১তম ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে উইকেটকিপার ছাড়া ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিজের করে নেন অস্ট্রেলিয়ান তারকা। পেছনে ফেলে দেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও মার্ক ওয়াহর মতো কিংবদন্তিদের। স্লিপ ফিল্ডিংয়ে যাদের দক্ষতা ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।

রেকর্ড গড়েই অবশ্য থেমে থাকেননি স্মিথ। দিনের সবচেয়ে বিস্ময়কর ক্যাচটি তখনো বাকি ছিল। এবারও বোলার লায়ন, আর ব্যাটসম্যান কাইল ভেরেইনা। বাভুমার মতো তিনিও রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন। তবে এবার ব্যাটে-বলে সংযোগ হয়েছিল তুলনামূলক ভালো। ফলে প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব সামান্য সময় পেয়েছিলেন স্মিথ। তাতেই ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নেন তিনি।

স্মিথের এই ক্যাচ দেখে বিস্ময় লুকাতে পারেননি সতীর্থ মার্নাস লাবুশেনও। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে তার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, ‘ওহ মাই গড! স্মাজ! ওহ মাই গড!’

ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েছেন স্মিথ। ১৬৯ টেস্টে ২২০টি ক্যাচ নিয়েছেন রুট। এরপর ভারতের রাহুল দ্রাবিড় ১৬৪ টেস্টে ২১০ ক্যাচ নিয়ে আছেন তৃতীয় স্থানে। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ১৪৯ টেস্টে ২০৫ ক্যাচ নিয়ে চতুর্থ এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্টে ২০০ ক্যাচ নিয়ে পঞ্চম স্থানে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও আছেন এই তালিকায়; ১৬৮ টেস্টে তার ক্যাচসংখ্যা ১৯৬।