মাইলফলকের ম্যাচে গোল করে রোনালদো বললেন, ‘ফেরাটা দারুণ হলো’
চোট কাটিয়ে এক মাসের লম্বা বিরতির পর মাঠে ফিরেই নিজের চিরচেনা রূপ দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলের ওপর ভর করে সৌদি প্রো লিগে জয়ের ধারা বজায় রেখেছে আল নাসর। শুক্রবার তলানির দল আল নাজমাকে ৫-২ ব্যবধানে হারিয়েছে তারা।
ম্যাচটি রোনালদোর জন্য ছিল বিশেষ এক মাইলফলকের। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা এদিন সৌদি প্রো লিগে নিজের ১০০তম ম্যাচ পূর্ণ করলেন। স্মরণীয় এই ম্যাচে জোড়া গোল করে লিগে তার গোলসংখ্যা ৯৭-এ নিয়ে গেছেন তিনি, আর পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯৬৭।
বিরতির পর মাঠে ফিরে উচ্ছ্বসিত পর্তুগিজ এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফেরাটা দারুণ হলো। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’
গত ফেব্রুয়ারি থেকে হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৪১ বছর বয়সী এই তারকা। ফলে আল নাসরের আগের দুটি লিগ ম্যাচ এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্তুগাল জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচগুলো মিস করতে হয়েছে তার।
ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য স্বস্তির ছিল না। ২৭ ম্যাচে মাত্র একবার জেতা আল নাজমা প্রথমার্ধের ঠিক আগে গোল করে এগিয়ে যায়। তবে দ্রুতই সমতায় ফেরে আল নাসর। আব্দুল্লাহ আল হামদান এবং সাদিও মানের গোলে বিরতির আগেই লিড নেয় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আল নাজমা সমতায় ফিরলেও ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে আবার এগিয়ে দেন রোনালদো। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন তিনি। একদম শেষ মুহূর্তে সাদিও মানে দলের পঞ্চম গোলটি করেন।
লিগে এটি আল নাসরের টানা ১৩তম জয়। বর্তমানে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রোনালদোর দল। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।