ম্যারাডোনার মৃত্যু নিয়ে আর্জেন্টিনায় নতুন করে বিচার শুরু
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে মঙ্গলবার থেকে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। একজন বিচারকের নৈতিক স্খলনজনিত কেলেঙ্কারিতে গত বছর প্রথম দফার বিচার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার ঠিক এক বছর পর এই শুনানি আবার শুরু হলো।
সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর একটি ভাড়া বাড়িতে সুস্থ হওয়ার সময়ে তাঁর মৃত্যু হয়েছিল। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পরেই হার্ট ফেইলর এবং ফুসফুসে পানি জমার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুয়েনস আইরেসের টিগ্রে এলাকায় ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত সাত সদস্যের মেডিকেল টিমের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ আনেন প্রসিকিউটররা। তবে এর আগে আড়াই মাস ধরে চলা বিচার প্রক্রিয়াটি থমকে যায় যখন জানা যায় যে, মামলার তদারকিতে থাকা বিচারক জুলিয়েটা মাকিনটাক এই ঘটনা নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত নৈতিকতা ভঙ্গের দায়ে পরবর্তীতে তাঁকে পদচ্যুত করা হয় এবং ২০২৫ সালের মে মাসে আগের বিচারটি বাতিল ঘোষণা করা হয়।
নতুন এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। এতে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, মনোবিজ্ঞানী ও নার্সসহ সাতজন স্বাস্থ্যকর্মীর ভূমিকা খতিয়ে দেখা হবে। তাঁদের বিরুদ্ধে 'ইচ্ছাকৃত নরহত্যা'র অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।
তবে বিবাদী পক্ষের আইনজীবীদের দাবি, ম্যারাডোনার মৃত্যু ছিল স্বাভাবিক। মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাশভের আইনজীবী ভাদিম মিশানচুক বলেন, 'ম্যারাডোনাকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না। যারা এমন দাবি করছেন, তাঁরা পরিবার ও অভিযুক্তদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছেন।'
২০২০ সালে মহামারীর কঠিন সময়ে এই ফুটবল মহাতারকার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিল লাখ লাখ আর্জেন্টাইন। নতুন এই বিচার প্রক্রিয়া আগামী জুলাই পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।