রেফারিই ম্যাচ নষ্ট করেছে: রিয়াল কোচ
লড়াই চলছিল সমানে সমান, উত্তেজনা ছিল চূড়ান্ত পর্যায়ে। কিন্তু শেষ বাঁশির আগেই যেন গল্পটা অন্য দিকে মোড় নেয়। একটি লাল কার্ড বদলে দেয় সব কিছু। আর সেই মোড় নিয়েই বিস্ফোরিত ক্ষোভে ফেটে পড়লেন আলভারো আরবেলোয়া, যিনি সরাসরি আঙুল তুললেন ম্যাচের রেফারির দিকে।
রিয়াল মাদ্রিদ কোচের অভিযোগ, স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের সেই সিদ্ধান্তই পুরো ম্যাচ ও টাইয়ের ভাগ্য বদলে দিয়েছে। ৮৬তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গাকে দেখানো দ্বিতীয় হলুদ কার্ড, যা রিয়ালকে দশ জনে নামিয়ে আনে, সেটিকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন তিনি।
সেই সুযোগ কাজে লাগিয়েই শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ এবং জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ফরাসী জায়ান্ট পিএসজি।
ম্যাচ শেষে ক্ষুব্ধ কণ্ঠে আরবেলোয়া বলেন, 'এটা স্পষ্ট, এমন কিছুর জন্য একজন খেলোয়াড়কে মাঠছাড়া করা যায় না। রেফারি নিজেই যেন জানতেন না তিনি কী করছেন। তিনি একটি অসাধারণ, সমান লড়াইয়ের ম্যাচকে নষ্ট করে দিয়েছেন, যখন ম্যাচটি ছিল তার চূড়ান্ত উত্তেজনার মুহূর্তে।'
তবে ক্ষোভের মাঝেও নিজের দলের প্রতি গর্ব লুকাননি এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, তার খেলোয়াড়রা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। সমর্থকদের জন্য, নিজেদের গর্বের প্রতীক জার্সির জন্য তারা শেষ পর্যন্ত লড়েছে।
'আমার খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে, তাদের প্রচেষ্টার জন্য, মাঠে আসা সমর্থকদের জন্য এবং যারা ঘরে বসে দেখেছেন তাদের জন্য। আমি তাদের নিয়ে গর্বিত। এটা কষ্ট দিচ্ছে, কারণ এ বছর রিয়াল তাদের ষোড়শ শিরোপা জিততে পারবে না,' যোগ করেন তিনি।
এই হার যেন শুধু একটি ম্যাচ হারার কষ্ট নয়, বরং পুরো মৌসুমের ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। লা লিগায়ও শিরোপা অনেকটাই হাতছাড়া, যেখানে বার্সেলোনা এগিয়ে রয়েছে নয় পয়েন্টে। তবুও হাল ছাড়তে নারাজ আরবেলোয়া, 'আমাদের এগিয়ে যেতে হবে। এটা রিয়াল মাদ্রিদ। লিগ কঠিন, কিন্তু শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।'
নিজের দায়িত্ব নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি। পরাজয়ের দায় নিজের কাঁধেই তুলে নিয়ে বলেন, 'হারের জন্য আমিই দায়ী, এবং এর পরিণতি আমি মেনে নেব। সমর্থকদের উচিত গর্ব করা, কারণ খেলোয়াড়রা এই ব্যাজের জন্য সবকিছু দিয়েছে।'
নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও তাতে খুব একটা চিন্তিত নন আরবেলোয়া, 'আমি এসব নিয়ে ভাবছি না। ক্লাব যেকোনো সিদ্ধান্ত নিলে আমি মেনে নেব। আমি ক্লাবের মানুষ। শেষ পর্যন্ত আমি আমার খেলোয়াড়দের সাহায্য করার জন্য যা সম্ভব করেছি।'