টানা চতুর্থবার এফএ কাপের ফাইনালে ম্যান সিটি
নিকো গঞ্জালেসের দুর্দান্ত এক গোলে রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। শনিবার সাউদাম্পটনকে ২-১ ব্যবধানে হারিয়ে পেপ গার্দিওলার দল এই কীর্তি গড়ে। ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় সিটিজেনরা।
খেলার ৭৯ মিনিটে ফিন আজাজের চমৎকার গোলে লিড নিয়েছিল সাউদাম্পটন। ২০০৩ সালের পর প্রথমবার ফাইনালের স্বপ্ন দেখছিল দলটি। তবে শেষ মুহূর্তের ঝড়ে তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। এর আগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে হারিয়ে চমক দেখালেও সিটির বিপক্ষে সেই সাফল্য ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের শেষ দিকে জেরেমি ডোকুর শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। এর ঠিক তিন মিনিট পর দূরপাল্লার এক বুলেট গতির শটে জয় নিশ্চিত করেন গঞ্জালেস। এই জয়ের ফলে সিটির সামনে এখন ঘরোয়া ট্রেবল জেতার সুযোগ রয়েছে।
আগামী ১৬ মে ফাইনালে লিডস ইউনাইটেড অথবা চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
টানা চারবার ফাইনালে ওঠা প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘এর আগে কোনো দল টানা চারবার ফাইনালে যেতে পারেনি। এটি অসাধারণ একটি অর্জন। আশা করি আমরা এই ছন্দ ধরে রেখেই ফাইনালে খেলতে পারব।’
সাউদাম্পটনের ২০ ম্যাচের অপরাজিত যাত্রাও শেষ হলো এই হারে। প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে থাকা দলটি আর্সেনালকে হারিয়ে আত্মবিশ্বাসী থাকলেও সিটির রক্ষণে ফাটল ধরাতে পারেনি।
এই ম্যাচে শুরুর একাদশে আটটি পরিবর্তন এনেছিলেন গার্দিওলা। আর্লিং হালান্ড ও বের্নার্দো সিলভাদের বিশ্রামে রেখে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে প্রথমার্ধে কিছুটা ধুঁকতে হয়েছে দলকে। তবে দ্বিতীয়ার্ধে হালান্ড, ডোকু ও সাভিনিওরা মাঠে নামলে খেলার চিত্র বদলে যায়।
সাউদাম্পটনের গোলরক্ষক দানিয়েল পেরেজ বেশ কিছু সেভ করলেও গঞ্জালেসের করা জয়সূচক গোলটি ঠেকানোর কোনো সুযোগ পাননি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এর আগে ২০১৮-১৯ মৌসুমে একমাত্র ইংলিশ দল হিসেবে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ জয়ের রেকর্ড গড়েছিল তারা। এবারও সেই অর্জনের পথে বেশ ভালোভাবেই টিকে রইল গার্দিওলার শিষ্যরা।