ম্যান সিটির নাটকীয় ড্রয়ে সুবিধাজনক অবস্থানে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

এভারটনের মাঠে ইনজুরি টাইমে জেরেমি ডোকুর গোলে কোনোমতে ৩-৩ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের শেষ দিকে সিটির এই ছন্নছাড়া পারফরম্যান্স ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার ভাগ্য আবারো আর্সেনালের হাতে তুলে দিয়েছে।

এখন হাতে থাকা শেষ তিনটি ম্যাচ জিতলেই দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে লিগ চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।

বর্তমানে আর্সেনালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে সিটি। যদিও তাদের হাতে একটি ম্যাচ বেশি আছে, তবে এভারটনের সঙ্গে এমন হোঁচট খাওয়ার পর শিরোপা লড়াইয়ে ফিরে আসা পেপ গার্দিওলার দলের জন্য এখন বেশ কঠিন।

ম্যাচের প্রথমার্ধে জেরেমি ডোকুর গোলে এগিয়ে গিয়ে চালকের আসনেই ছিল সিটি। কিন্তু বিরতির পর দৃশ্যপট বদলে যায়। সিটির রক্ষণের একের পর এক ভুলে এভারটনের হয়ে দুটি গোল করেন থিয়ার্নো ব্যারি এবং একটি গোল করেন জেক ও’ব্রায়েন।
ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ৯৭ মিনিটে ডোকুর দুর্দান্ত এক গোল সিটিকে হার থেকে বাঁচায় এবং তাদের শিরোপার দৌড়ে টিকিয়ে রাখে।

ম্যাচ শেষে হতাশ গার্দিওলা বলেন, 'শিরোপার ভাগ্য এখন আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন নেই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।'

আর্সেনালের পরবর্তী ম্যাচ ওয়েস্ট হ্যামের বিপক্ষে। এরপর তারা খেলবে বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।