কুসংস্কার নয়, হোটেল সস্তা বলেই পরিবর্তন— আর্সেনাল ম্যাচের আগে সিমিওনে

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে নিজেদের টিম হোটেল বদলেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। গত অক্টোবরে লিগ পর্বে গানারদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার সময় স্প্যানিশ ক্লাবটি ছিল লন্ডনের রিজেন্টস পার্কের নিকটবর্তী ম্যারিয়ট হোটেলে। এবারের ম্যাচের আগে সেই হোটেল পাল্টে তারা উঠেছে শহরের অন্য প্রান্তে, শোরডিচের কোর্টহাউস হোটেলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের গুঞ্জন, আগেরবারের বাজে অভিজ্ঞতার কারণে হয়তো কুসংস্কার থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন দাবি হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি। বরং সিদ্ধান্তটির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'হোটেলটি সস্তা পেয়েছি। এ কারণেই আমরা পরিবর্তন করেছি।'

সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাতলেতিকো। আজ মঙ্গলবার রাতে ইংলিশ ক্লাবটির মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি অ্যাতলেতিকোর জন্য অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই লড়াইয়ের আগে তাদের জন্য বড় খবর হলো, প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করা হুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত। চলতি মৌসুমে সব মিলিয়ে ২০ গোল করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গত শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দলের জয়ে মাঠে নামতে পারেননি। তবে স্কোয়াডের বাকিদের সাথে তিনি লন্ডনে এসেছেন।

আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকাকে নিয়ে সিমিওনের ভাষ্য, 'হুলিয়ান আলভারেজ এই ম্যাচে গুরুত্বপূর্ণ। কারণ সে ইংলিশ লিগ খুব ভালো করেই চেনে। গত সপ্তাহে সে দারুণ খেলেছে এবং আমি আশা করি, এবারের ম্যাচে যা প্রয়োজন সে তা এনে দিতে পারবে।'

ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিকতা কেমন হওয়া উচিত তা নিয়ে এই আর্জেন্টাইন কোচ যোগ করেন, 'কোচ হিসেবে কী কী ঘটতে পারে সে বিষয়ে আমাদের ভাবতে হয়। তবে এটি পুরোপুরি খেলোয়াড়দের ওপর নির্ভর করে। আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং যতটা সম্ভব ভালো খেলতে হবে।'

এই ম্যাচটি হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে আঁতোয়ান গ্রিজমানের শেষ ম্যাচ। অ্যাতলেতিকোর হয়ে সব মিলিয়ে ৪৯৪ ম্যাচে ২১২ গোল করা এই ৩৫ বছর বয়সী ফরাসি তারকা মৌসুম শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়ার চুক্তি সেরে ফেলেছেন। অ্যাতলেতিকো যদি এই ম্যাচ জিতে ফাইনালে উঠতে না পারে, তবে এটাই হবে ইউরোপের অভিজাত এই ক্লাব প্রতিযোগিতায় তার বিদায়ী ম্যাচ।

তবে সম্ভাব্য বিদায় নিয়ে মোটেও ভাবছেন না গ্রিজমান। তিনি বলেন, 'এটি এমন কিছু নয় যা নিয়ে আমি ভাবছি। আমি কেবল ম্যাচটির দিকে তাকিয়ে আছি। আমি আশা করি, আমরা সঠিক মনোভাব দেখাতে পারব, চাপ সামলে নিয়ে খেলতে পারব এবং প্রথম লেগের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এগিয়ে যেতে পারব।'

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্নের কথা জানিয়ে তিনি আরও বলেন, 'যতবারই আমরা চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করি, ততবারই আপনি কল্পনায় নিজেকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখতে পাবেন এবং নিজের বেডরুমে থাকা যে কোনো শিশুও এমনটাই করবে। আমরা এখন ট্রফি থেকে মাত্র দুটি ম্যাচ দূরে আছি এবং আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে— ট্যাকটিক্যালি, রক্ষণাত্মকভাবে ও আক্রমণভাগে। আর অবশ্যই আমাদের আরও গোল প্রয়োজন।'