ভিনিসিউসকে বর্ণবাদী গালি দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ডের শাস্তির পরিধি বাড়িয়েছে ফিফা

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী গালিগালাজ করার দায়ে আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেশতিয়ানির শাস্তির পরিধি বাড়িয়েছে ফিফা। এর ফলে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের।

গত ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে বেনফিকার হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউসের সঙ্গে বিবাদে জড়ান ২০ বছর বয়সী প্রেশতিয়ানি। সেই ঘটনায় বর্ণবাদী আচরণের অভিযোগে উয়েফা তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। প্রেশতিয়ানি বর্ণবাদী শব্দ ব্যবহারের কথা অস্বীকার করলেও সমকামী বিদ্বেষী মন্তব্য করার বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন।

বুধবার ফিফা উয়েফার সেই নিষেধাজ্ঞাকে বিশ্বব্যাপী কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে ফিফা জানায়, 'ফিফার ডিসিপ্লিনারি কমিটি উয়েফার দেওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞাকে বিশ্বব্যাপী কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।'

ছয় ম্যাচের শাস্তির মধ্যে প্রেশতিয়ানি ইতিমধ্যে এক ম্যাচ পার করেছেন। বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে তিন ম্যাচ আবার দুই বছরের জন্য স্থগিত নিষেধাজ্ঞা হিসেবে থাকবে। ফলে তাৎক্ষণিকভাবে তাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে এই তরুণ জায়গা পাবেন কি না, তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। প্রেশতিয়ানি দলে থাকলেও আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামা হচ্ছে না।