দুই গোলকিপার ছাড়াই ব্যাংককে বাংলাদেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করতে থাইল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে যাত্রার শুরুতেই বড় ধরনের সমস্যার মুখে পড়েছে দলটি। ভিসা জটিলতার কারণে দুই গোলকিপারসহ মোট নয়জন সদস্য যেতে পারেননি ব্যাংককগামী ফ্লাইটে।
বাংলাদেশ দলের দুই গোলরক্ষক রূপনা চাকমা ও মিলি আক্তার এখনও থাই ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি। তাদের পাশাপাশি কোচিং স্টাফ ও মিডিয়া বিভাগের আরও সাতজন সদস্যও একই কারণে আটকে গেছেন।
দলীয় ম্যানেজার খালিদ মাহমুদ নবমী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দুই গোলকিপার রূপনা চাকমা ও মিলি আক্তারসহ মোট নয়জন এখনও থাই ভিসা পাননি, তাই তারা দলের সঙ্গে যেতে পারেননি।'
তবে তিনি আশাবাদী, ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেই বাকিরা দ্রুত ব্যাংককে দলের সঙ্গে যোগ দেবেন।
ব্রিটিশ কোচ পিটার বাটলার এবং ফিটনেস কোচ ক্যামেরন লর্ড-এর সঙ্গে ২৩ সদস্যের স্কোয়াডের ২১ জন খেলোয়াড় ইতোমধ্যেই থাইল্যান্ডে পৌঁছেছেন।
সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। আগামী ২৫ মে ভারতের গোয়া-য় শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগে থাইল্যান্ডে স্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা।
সবকিছু ঠিক থাকলে ২১ মে থাইল্যান্ড থেকে সরাসরি গোয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।