প্রিমিয়ার লিগে ২০টি অ্যাসিস্টের রেকর্ড ছুঁয়ে ‘গর্বিত’ ফার্নান্দেস
ইংলিশ প্রিমিয়ার লিগে একটি নির্দিষ্ট মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছুঁয়েছেন ব্রুনো ফার্নান্দেস। এই কীর্তির যৌথ অংশীদার আর্সেনালের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি ও ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। তাদের পাশে বসতে পেরে গর্বিত ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ তারকা। এখন তার লক্ষ্য এই মর্যাদাপূর্ণ তালিকার শীর্ষস্থানটি এককভাবে দখলে নেওয়া।
গতকাল রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফওর্ডে ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। স্বাগতিকদের পক্ষে তৃতীয় গোলটি করেন ব্রায়ান এমবুমো। তাকে বলের যোগান দিয়ে ৩১ বছর বয়সী ফার্নান্দেস নাম লেখান ইতিহাসের পাতায়। প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে এটি তার ২০তম অ্যাসিস্ট। তার আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে অঁরি (২০০২-০৩ মৌসুমে) ও ডি ব্রুইনা (২০১৯-২০ মৌসুমে) সমানসংখ্যক অ্যাসিস্ট করেছিলেন।
কিংবদন্তিদের পাশে বসে ম্যাচের পর উচ্ছ্বসিত ফার্নান্দেস বলেন, 'অবশ্যই, আমি অনেক গর্বিত। আমরা থিয়েরি ও কেভিনের কথা বলছি, যারা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দুটি নাম। নিজের কথা বলতে গেলে, আমি (দলের প্রতি) অত্যন্ত কৃতজ্ঞ এবং এটি করতে পেরে আমি খুব খুশি। এটি ভীষণ গর্বের একটি মুহূর্ত।'
রেকর্ড পঞ্চম বারের মতো ম্যান ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন অধিনায়ক ফার্নান্দেস। সাফল্যের মুকুটে আরও রঙিন পালক যুক্ত করার হাতছানি রয়েছে তার সামনে। আগামী রোববার ব্রাইটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচে মাঠে নামবে ইতোমধ্যে তৃতীয় স্থান নিশ্চিত করা রেড ডেভিলরা। সেদিন ২১টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করে এককভাবে চূড়ায় ওঠার সুযোগ পাবেন তিনি।
এই প্রসঙ্গে ফার্নান্দেস যোগ করেন, 'দেখা যাক কী হয়। এসব বিষয় আমার খেলার ধরনকে পরিবর্তন করবে না। আমাকে এখনও আমার দলের জন্য সুযোগ তৈরি করে যেতে হবে। আর আশা করছি, এটা (নতুন রেকর্ড) হতে পারে। তবে যদি সেটা না-ও ঘটে, আমি তবুও অনেক খুশি। কারণ, প্রিমিয়ার লিগে আমি আগে কখনও ২০টি অ্যাসিস্ট করিনি। এমনকি আমি ১৯টিও করিনি। তাই আমি যদি ১৯টি অ্যাসিস্ট নিয়েও মৌসুম শেষ করতাম, তবুও অনেক খুশি হতাম।'
ফরেস্টের বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে ফার্নান্দেসের ক্রস থেকে গোল করেন এমবুমো। তখন রেকর্ড ছোঁয়ার আনন্দে সতীর্থরা ইউনাইটেডের অধিনায়ককে ঘিরে ধরেন। এমনকি গোলরক্ষক সেনে ল্যামেন্সও গোলপোস্ট ছেড়ে গিয়ে উদযাপনে যোগ দেন। এমন উন্মাদনা নিয়ে ফার্নান্দেস বলেন, 'নিজের চেয়েও সতীর্থদের প্রতিক্রিয়া দেখে আমি অনেক বেশি কৃতজ্ঞতা বোধ করছি। কারণ, আমি চেয়েছিলাম ব্রায়ান তার গোলটি উদযাপন করুক।'