গর্ডনকে নিশ্চিত করে এবার আলভারেজের সঙ্গে আলোচনা করছে বার্সা

স্পোর্টস ডেস্ক

অ্যান্থনি গর্ডনের ট্রান্সফার প্রায় নিশ্চিত করার পর এবার বার্সেলোনার পুরো মনোযোগ গিয়ে পড়েছে হুলিয়ান আলভারেজের দিকে। নতুন মৌসুমকে সামনে রেখে একের পর এক বড় পরিকল্পনা সাজাচ্ছে কাতালান ক্লাবটি, আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে এখন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।

বুধবার বিকেলে গর্ডনের সঙ্গে সমঝোতা সম্পন্ন হওয়ার পর রাতেই আলভারেজকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বার্সার ক্রীড়া পরিচালক ডেকো। বার্সেলোনার একটি হোটেলে অনুষ্ঠিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন আলভারেজের এজেন্ট ফার্নান্দো হিদালগো, পাশাপাশি হুয়ানমা লোপেজ ও অ্যান্ডি বারাও ছিলেন আলোচনায়। বৈঠকে দুই পক্ষই আবারও নিজেদের আগ্রহের কথা স্পষ্ট করেছে। বিশেষ করে আলভারেজের বার্সেলোনায় খেলার প্রবল ইচ্ছাই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে।

বার্সা অনেক মাস ধরেই আলভারেজকে পর্যবেক্ষণে রেখেছে। বড়দিনের আগ থেকেই অ্যাতলেতিকো মাদ্রিদ জানত যে আর্জেন্টাইন তারকাকে নিয়ে কাতালানদের আগ্রহ রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠানো হয়নি। যদিও সাম্প্রতিক সময়ে আলভারেজ নিজেই আতলেতিকো কর্তৃপক্ষকে জানিয়েছেন, ফ্লিকের অধীনে বার্সার প্রকল্পে যোগ দেওয়ার ব্যাপারে তিনি আগ্রহী।

বার্সা স্পষ্ট বুঝে গেছে, গর্ডনের আগমন আলভারেজকে ঘিরে তাদের পরিকল্পনা বদলাচ্ছে না। ডেকো নিজেই নাকি খেলোয়াড়কে আশ্বস্ত করেছেন যে তিনি এখনও ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। রবার্ট লেভানদোভস্কির পরবর্তী উত্তরসূরি হিসেবেই আলভারেজকে ভাবছে ব্লাউগ্রানা শিবির।

তবে এই ট্রান্সফার মোটেও সহজ হচ্ছে না। অ্যাতলেতিকো মাদ্রিদ শুরুতেই প্রায় ১৫০ মিলিয়ন ইউরো দাবি করেছে। যদিও বার্সার ভেতরের কিছু সূত্র মনে করছে, বোনাসসহ প্রায় ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অঙ্কে আলোচনা এগোতে পারে। কাতালান ক্লাবটি গর্ডনের জন্য স্থায়ীভাবে ৭০ মিলিয়ন এবং বোনাস হিসেবে আরও ১০ মিলিয়ন ইউরো ব্যয় করতে যাচ্ছে। ফলে আর্থিক হিসাব-নিকাশও এখন বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আলোচনায় খেলোয়াড় বিনিময়ের সম্ভাবনাও উঠে এসেছিল। কিন্তু ফেরান তোরেস এই চুক্তির অংশ হতে রাজি নন। অন্যদিকে গাভি, পেদ্রি, দানি ওলমো, বার্নাল ও ফারমিনকে একপ্রকার ‘অস্পৃশ্য’ ঘোষণা করেছে বার্সা। ফলে নগদ অর্থ দিয়েই মূলত এই ট্রান্সফার সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।

বার্সা ও অ্যাতলেতিকো দুই ক্লাবই চায় বিশ্বকাপ শুরুর আগেই বিষয়টি পরিষ্কার করতে। কারণ দীর্ঘমেয়াদি ট্রান্সফার নাটক তৈরি হোক, সেটি কোনো পক্ষই চায় না। তবে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, গর্ডনের চুক্তির মতো দ্রুত এই আলোচনার সমাপ্তি ঘটবে না।

এদিকে গর্ডনকে হারানোর সম্ভাবনায় বড় ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান সংবাদমাধ্যমগুলোর দাবি, ইংলিশ উইঙ্গারকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়েছিল বাভারিয়ানরা। এমনকি খেলোয়াড়ের সঙ্গে মৌখিক সমঝোতাও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বার্সার আগ্রাসী পদক্ষেপ পুরো পরিস্থিতি বদলে দেয়। স্পেনে খেলার প্রতি গর্ডনের আগ্রহই শেষ পর্যন্ত ট্রান্সফারের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।