‘সময়টা সহজ নয়’, আলভারেজের কঠিন সময়ে পাশে লাউতারো

স্পোর্টস ডেস্ক

অ্যাতলেতিকো মাদ্রিদে সময়টা ভালো যাচ্ছে না হুলিয়ান আলভারেজের। ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে সাম্প্রতিক দলবদলের সময়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই অনিশ্চয়তার মধ্যেই আলভারেজের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থ ও বন্ধু লাউতারো মার্তিনেজ।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলভারেজের পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো। তখনই জানান, কঠিন সময়ে বন্ধুকে সমর্থন জানাতে নিজে যোগাযোগ করেছিলেন তিনি, 'আমি তার সঙ্গে কথা বলেছি, তাকে একটি বার্তা পাঠিয়েছি এবং আমার সমর্থনের কথা জানিয়েছি।'

আর্জেন্টিনা দলে আক্রমণভাগে জায়গা পাওয়ার জন্য দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আলভারেজের সঙ্গে তার সম্পর্ক যে শুধুই ফুটবলকেন্দ্রিক নয়, সেটিও স্পষ্ট করেছেন লাউতারো, 'আমরা একই পজিশনে খেলি এবং জাতীয় দলে একটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতাও করেছি। কিন্তু এসবের বাইরে সে আমার বন্ধু।'

আলভারেজ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি মোটেও সহজ নয় বলে স্বীকার করেছেন লাউতারো। বিশেষ করে দলবদলের পুরো সময়ে আলভারেজের ভবিষ্যৎ যখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল, তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। 'সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেটা সহজ নয়। তবে সিদ্ধান্তটা তার ক্লাবের।'

এরপরও আলভারেজকে নিজের সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়েছেন লাউতারো। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে তার দ্রুত ঘুরে দাঁড়ানোরও প্রত্যাশা জানিয়েছেন ইন্টার অধিনায়ক, 'আমি তার সর্বোচ্চ মঙ্গল কামনা করি। আশা করি, সে দ্রুত ভালো হয়ে উঠবে এবং এখন পর্যন্ত যা দেখিয়েছে, তা আবারও দেখিয়ে যেতে পারবে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।'

আলভারেজের এই কঠিন সময়ের শুরুটা হয়েছে নতুন মৌসুমের হতাশাজনক সূচনার পর। ২০২২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড সম্প্রতি লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের ম্যাচে খেলেছেন। তবে শুরুতে তাকে বেঞ্চে রাখা হয়েছিল। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ম্যাচের গতিপথ বদলাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সান মামেসে বড় হার নিয়েই ফিরতে হয় অ্যাতলেতিকোকে।

এই ম্যাচের আগেও কয়েক সপ্তাহ ধরে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। দলবদলের সময়ে তিনি অ্যাতলেতিকো ছাড়তে চেয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল বার্সেলোনাও। কিন্তু অ্যাতলেতিকো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ফরোয়ার্ডকে ছাড়ার বিষয়ে নিজেদের কঠোর অবস্থান ধরে রাখে।

২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকায় শেষ পর্যন্ত আলভারেজকে ধরে রাখার সিদ্ধান্ত নেয় মাদ্রিদের ক্লাবটি। ফলে ব্যর্থ দলবদলের পরও দিয়েগো সিমিওনের অধীনেই অ্যাতলেতিকোতে থেকে যেতে হচ্ছে তাকে। অবশ্য ক্লাব ছাড়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি সহজ থাকেনি তার জন্য।

এমনকি সাম্প্রতিক অনিশ্চয়তার সময়ে আলভারেজকে নিয়ে অ্যাতলেতিকোর কিছু সমর্থকের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। একপর্যায়ে ক্লাব সমর্থকদের ক্ষোভও প্রকাশ পেয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঘিরে।