ট্রান্সফার লাইভ

বার্সার ডাকে বার্সার সংকেতে রদ্রির সায়

স্পোর্টস ডেস্ক

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।

শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

ম্যান সিটি ছেড়ে বার্সার পথে রদ্রি

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে রদ্রিকে ন্যু ক্যাম্পে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সঙ্গে দলবদলের আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সম্মতি দিয়েছেন স্প্যানিশ এই তারকা। এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে বার্সার এক সূত্র।

মূলত বার্সা কোচ হান্সি ফ্লিকের এক ফোনেই বরফ গলেছে রদ্রির। রিয়ালের নতুন কোচ হোসে মরিনহোও এই মিডফিল্ডারকে ডেরায় ভেড়াতে আগ্রহী ছিলেন। তবে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোট এবং ডিফেন্সের দুর্বলতা মেটাতে ফ্লিকের অনুরোধেই এগোচ্ছে বার্সা। চুক্তির এক বছর বাকি থাকা রদ্রিকে ৬০ মিলিয়ন ইউরোয় ছাড়তে রাজি সিটিও। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে।

২০৩৩ পর্যন্ত দিয়োমান্দেকে সাইন করাল রিয়াল, ভাঙল ক্লাব রেকর্ড

আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে টানতে আরবি লাইপজিগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, আগামী ২০৩৩ সালের ৩০ জুন পর্যন্ত সাত বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন তিনি। খবর অনুযায়ী, ট্রান্সফার ফি এবং অন্যান্য বোনাস মিলিয়ে এই চুক্তির মূল্য দাঁড়াতে পারে ১৩৫ থেকে ১৪০ মিলিয়ন ইউরো। এটি সত্য হলে জুড বেলিংহামকে টপকে এটিই হবে রিয়ালের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় কেনার রেকর্ড।

জার্মান ক্লাব লাইপজিগের হয়ে গত মৌসুমেই দারুণ পারফর্ম করে নজরে আসেন এই তরুণ। বুন্দেসলিগায় ১২টি গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তার মাধ্যমে দলকে পয়েন্ট তালিকার তিনে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে সাহায্য করেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার কাছে লা লিগা ট্রফি হারানো এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর দলে বড় পরিবর্তন আনছে রিয়াল। ক্লাবে দ্বিতীয় মেয়াদে ফিরেছেন কোচ হোসে মরিনহো। নতুন মৌসুমের জন্য ইতোমধ্যে মার্ক কুকুরেয়া, বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে এবং দেনজেল দমফ্রিজের মতো তারকাদের দলে ভিড়িয়েছে রিয়াল।

তুরস্কের ক্লাবে যোগ দিলেন সালাহ

মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ দুই বছরের চুক্তিতে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন। চুক্তি অনুযায়ী প্রাক্তন এই লিভারপুল তারকা প্রতি মৌসুমে ১ কোটি ৭০ লাখ ইউরো (প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ টাকা) পাবেন। একই সঙ্গে তার নামের স্মারকলিপি ও জার্সি বিক্রি থেকে ২০ শতাংশ লভ্যাংশ এবং অতিরিক্ত শর্তসাপেক্ষ বোনাসও পাবেন।

৩৪ বছর বয়সী এই উইঙ্গার লিভারপুলের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে ট্রাবজোনস্পোরে যোগ দিলেন। অলরেডদের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করা সালাহ দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। তবে গত মৌসুমে পারফরম্যান্সের কিছুটা অবনতি ঘটে এবং কোচ আরনে স্লটের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁকে বেশ কিছু ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয়।

বৃহস্পতিবার ট্রাবজোনের স্টেডিয়ামে সালাহকে বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন ভক্তরা। ইস্তাম্বুলে পৌঁছানোর পর ক্লাবের বেগুনি-নীল পোশাকে সালাহর হাস্যোজ্জ্বল ছবি ইতোমধ্যে সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করেছে।

পিএসজির বারকোলার দাম ১৫ কোটি ইউরোর বেশি

লিভারপুলের আগ্রহের মধ্যেও ব্র্যাডলি বারকোলাকে ছাড়তে নিজেদের অবস্থান কঠোর রেখেছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ জানিয়েছে, অতিরিক্ত সুবিধাসহ বারকোলার জন্য অন্তত ১৫ কোটি ইউরো চায় প্যারিসের ক্লাবটি। এই দাবি থেকে সরে আসার কোনো ইচ্ছা নেই তাদের। লিভারপুলও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ফলে দলবদলের শেষ সময় পর্যন্ত দুই ক্লাবের মধ্যে দর-কষাকষি চলতে পারে।

রদ্রিকে নিয়ে রিয়ালের সঙ্গে লড়াইয়ে বার্সা

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে এবার সরাসরি যোগ দিয়েছে বার্সেলোনা। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রদ্রির জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় থাকলেও এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। এই সুযোগেই বার্সেলোনাও সিটির চাওয়া অর্থের কাছাকাছি অঙ্ক দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে রদ্রিকেই। তবে রিয়ালই এখনো তার অগ্রাধিকার হিসেবে এগিয়ে রয়েছে।

প্রায় ৯ কোটি ইউরোতে আর্সেনালে গিমারেস

ব্রুনো গিমারেসের আর্সেনাল যাত্রা এখন পুরোপুরি নিশ্চিত। মেডিকেল সম্পন্ন করার পর ইংলিশ ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চুক্তিটির মূল্য প্রায় ৯ কোটি ইউরো। দীর্ঘদিন ধরেই গিমারায়েসকে দলে চাচ্ছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

১৪ কোটি ইউরোতে দিয়োমান্দেকে আনছে রিয়াল

আরবি লাইপজিগের ১৯ বছর বয়সী আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়াতে চুক্তিতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর চুক্তিটির মূল্য অতিরিক্ত সুবিধাসহ সর্বোচ্চ ১৪ কোটি ইউরো হতে পারে। তরুণ এই উইঙ্গারকে নিয়ে রিয়ালের আগ্রহ বেশ কিছুদিন ধরেই ছিল।

রিয়ালের আসেনসিওকে চায় লিভারপুল

রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী ডিফেন্ডার রাউল আসেনসিওকে নিয়ে আগ্রহ দেখিয়েছে লিভারপুল। বৃটিশ সংবাদমাধ্যম টিমটক জানিয়েছে, স্প্যানিশ এই ডিফেন্ডারকে চলতি গ্রীষ্মে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া হতে পারে, এমন বার্তা ইতোমধ্যেই তাকে দেওয়া হয়েছে। সেই সুযোগেই আসেনসিওকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে লিভারপুল।

সালাহ-নুনেজকে আবার সতীর্থ করতে চায় ট্রাবজোনস্পোর

দারউইন নুনেজকে দলে ভেড়ানোর পাশাপাশি মোহাম্মদ সালাহকেও তুরস্কে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে ট্রাবজোনস্পোর। তুর্কি সংবাদমাধ্যম স্পোর দেপোর জানিয়েছে, উরুগুয়ের নুনেজকে তার সাবেক লিভারপুল সতীর্থ মিসরীয় তারকা সালাহর সঙ্গে আবারও একই ক্লাবে খেলাতে চায় ট্রাবজোনস্পোর। নুনেজ বর্তমানে আল-হিলালে খেলছেন, আর সালাহ লিভারপুলেই আছেন।

রদ্রিকে পেতে চুয়ামেনি-কামাভিঙ্গাকে ছাড়তে পারে রিয়াল

ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে দলে ভেড়াতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন রিয়াল মাদ্রিদের। সেই অর্থ জোগাড় করতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাঙ্ক্ষিত দুই ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে বিক্রির জন্য উন্মুক্ত করার কথা ভাবছে স্প্যানিশ ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল নাসিওনাল জানিয়েছে, দুজনকে বিক্রি করে পাওয়া অর্থ রদ্রির চুক্তিতে ব্যবহার করতে চায় রিয়াল।

লেয়াওকে নিয়ে গালাতাসারাইয়ের সঙ্গে আলোচনায় মিলান

রাফায়েল লেয়াওকে নিয়ে এবার নতুন মোড় দেখা দিয়েছে। মিলাননিউজ জানিয়েছে, তুর্কি সাংবাদিক ইয়াগিজ সাবুনচুওগ্লুর তথ্য অনুযায়ী, পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে গালাতাসারাইয়ের সঙ্গে দলবদলের মূল্য নিয়ে আলোচনা শুরু করেছে এসি মিলান। লেয়াওকে দীর্ঘদিন ধরেই দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে তুরস্কের ক্লাবটি। এবার সেই আগ্রহ বাস্তব আলোচনায় রূপ নিয়েছে।

১ কোটি ৮০ লাখ ইউরোতে মলিনাকে পেল রোমা

অ্যাতলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনাকে দলে ভেড়াতে চুক্তিতে পৌঁছেছে রোমা। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আর্জেন্টাইন রাইট-ব্যাকের জন্য মোট ১ কোটি ৮০ লাখ ইউরো দেবে ইতালিয়ান ক্লাবটি। মলিনা বছরে প্রায় ২৭ লাখ ইউরো বেতন পাবেন। মেডিকেল পরীক্ষার জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার ইতালিতে যাওয়ার কথা রয়েছে। এরপর ওয়েলসে রোমার প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।