১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর্জেন্টিনার আরও যারা শাস্তি পেলেন

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত হাতাহাতি ও সংঘাতের জের ধরে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসসহ আর্জেন্টিনার একাধিক ফুটবলারকে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে ফিফা।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

খেলোয়াড়দের শাস্তি দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনাকেও সাজার আওতায় আনা হয়েছে। ঘরের মাঠে নিজেদের পরবর্তী দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। তবে এর মধ্যে একটি ম্যাচের ওপর স্থগিত নিষেধাজ্ঞা থাকবে।

বোকা জুনিয়র্সের খেলোয়াড় পারেদেসকে আন্তর্জাতিক ফুটবলে ১০টি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন। ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় গাভিকে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। ওই ঘটনার জেরে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি তীব্র আকার ধারণ করে।

আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকেও সাতটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পারেদেসের মতো তাকেও ৯০ হাজার ডলার জরিমানা দিতে হবে।

এছাড়া, আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও স্পেনের মিডফিল্ডার গাভি— উভয়কেই একটি করে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।