চেলসিতে যোগ দিয়ে এমিলিয়ানো বললেন, ‘আমি হৃদয় দিয়ে খেলি’

স্পোর্টস ডেস্ক

সবকিছু চূড়ান্ত ছিল। এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

রোববার ৩৩ বছর বয়সী এই তারকাকে দলে নেওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ব্লুজরা। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে তিন বছরের জন্য। ট্রান্সফার ফি নিয়ে চেলসি কিছু উল্লেখ না করলেও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, তাকে পেতে ৭৫ লাখ পাউন্ড খরচ হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির।

নতুন ঠিকানায় পাড়ি জমিয়ে উচ্ছ্বসিত এমিলিয়ানো বলেন, ‘এই ফুটবল ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। চেলসিতে যোগ দেওয়াটা আমার ও আমার পরিবারের জন্য খুব সহজ একটি সিদ্ধান্ত ছিল এবং আমি ভীষণ উচ্ছ্বসিত। খেলা শুরু করার জন্য আমার আর তর সইছে না।’

২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় নাম লেখানোর পর এমিলিয়ানো নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলটির হয়ে কাটানো ছয় মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২৫৬ ম্যাচ। গত মৌসুমে জেতেন উয়েফা ইউরোপা লিগের শিরোপা। তবে চলতি মাসের শুরুতে পারমা থেকে প্রায় ৩ কোটি পাউন্ডে জাপানি গোলরক্ষক জিয়ন সুজুকিকে দলে নেওয়ার পর থেকেই এমিলিয়ানোকে বিক্রি করতে ইচ্ছুক ছিল ভিলা।

চেলসিতে নিজের লক্ষ্য নিয়ে ২০২২ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারজয়ী এমিলিয়ানো বলেন, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন, যে নিজের করা প্রতিটি কাজেই জিততে চায়। আমি সেই মানসিকতা এই ক্লাবেও নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব, যারা নিয়মিত শিরোপা জেতে। তাই আমার মনে হয়, এটি দারুণ একটি মেলবন্ধন।’

আর্জেন্টিনার একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই গোলরক্ষক যোগ করেন, ‘আমার পুরোটাই আবেগ এবং আমি হৃদয় দিয়ে খেলি। এই ক্লাব, আমার সতীর্থ ও সমর্থকদের গর্বিত করতে আমি প্রতিটি ম্যাচ ও অনুশীলন সেশনে নিজের শতভাগ উজাড় করে দেব।’

গত সোমবার রাতে ফুলহ্যামের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে চেলসির প্রধান গোলরক্ষক রবার্ত সানচেজ দুটি বড় ভুল করেন। তার ওই দুর্বল পারফরম্যান্সের জের ধরেই মূলত এমিলিয়ানোর দিকে হাত বাড়ানোর সিদ্ধান্তের সূত্রপাত। এই চুক্তিটি স্ট্যামফোর্ড ব্রিজের নীতি নির্ধারকদের চিন্তাভাবনায় একটি বড় পরিবর্তনের প্রতীক। দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক দিন আগে চাপে থাকা সানচেজকে সমর্থন জোগানোর বদলে তারা দ্রুত এমিলিয়ানোর দিকে ঝুঁকেছেন।

চেলসির কাছে বিকল্প হিসেবে গেঙ্ক থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে আসা বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সও রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে লুটন টাউনের বিপক্ষে কারাবাও কাপে ২-০ গোলে জেতা ম্যাচে তার অভিষেক হয়েছে।