৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ভেনাস, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত
সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মার্কিন কিংবদন্তি ভেনাস উইলিয়ামস জানিয়েছেন, তিনি 'চ্যালেঞ্জ নিতে প্রস্তুত'। ৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক নারী খেলোয়াড় হিসেবে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।
দীর্ঘ পাঁচ বছর পর মেলবোর্ন পার্কে ফিরছেন বিশ্বের সাবেক এই এক নম্বর নারী টেনিস তারকা। নিজের সামর্থ্য ও দক্ষতা আরও একবার প্রমাণের সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে র্যাঙ্কিংয়ের ৫৭৬ নম্বরে থাকা ভেনাস ওয়াইল্ডকার্ড নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করেছেন। আগামীকাল রোববার নারী এককের প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ৬৮তম স্থানে থাকা সার্বিয়ান ওলগা দানিলোভিচ।
সাম্প্রতিক বছরগুলোতে ভেনাসকে তেমন একটা নিয়মিত কোর্টে দেখা যায়নি। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক দুটি টুর্নামেন্টেও তিনি প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন।
তবে ফিরতে পেরে উচ্ছ্বসিত ভেনাস বলেন, 'টেনিস অস্ট্রেলিয়া (টিএ) আমাকে এই সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। সমর্থকদের সামনে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। গত কয়েকদিনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টগুলোতে এবং শহরে চলাফেরার সময় আমি যে পরিমাণ ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অকল্পনীয়। আমি আমার সেরাটা দিয়ে খেলার আশা করি।'
পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস ২০০৩ ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। এছাড়া, বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে চারবার নারী দ্বৈত বিভাগে শিরোপাও জিতেছেন।
এই কোর্টকে খেলার জন্য 'পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা' হিসেবে অভিহিত করে ভেনাস বলেন, 'এখানে আমার অনেক দারুণ স্মৃতি রয়েছে। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। তাই এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত।'
২০১৫ সালে জাপানের কিমিকো দাতে ৪৪ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে অংশ নিয়ে প্রথম রাউন্ডে হেরেছিলেন। তাকে ছাড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করলে ভেনাস বলেন, 'পত্রিকা থেকে জানার আগে আমি এটা নিয়ে ভাবিনি। তাই নিজের জন্য বাহবা তো পেতেই পারি। দেখা যাক কী হয়।'