নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে নাকি সৌদি আরব?
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে গতকাল সোমবার রাতে ২-০ গোলের দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অন্তত পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে।
মঙ্গলবার সকালে জর্ডান ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের ফলের ওপর আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আনুষ্ঠানিকভাবে নির্ভর করলেও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে শেষ বত্রিশে লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হলে শেষ বত্রিশে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এই মুহূর্তে সেই জায়গাটিতে রয়েছে লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়ে।
ওই গ্রুপ পর্বের শেষ রাউন্ডে স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপর ভিত্তি করে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে স্পেন, কেপ ভার্দে কিংবা সৌদি আরবের নামও চলে আসতে পারে।
সমীকরণগুলো বেশ জটিল, যা প্রতিটি ম্যাচের ফলের ওপর নির্ভর করে বদলে যেতে পারে।
* স্পেন যদি উরুগুয়ের কাছে হেরে যায় এবং অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে ড্র করে বা হেরে যায়, তাহলে স্পেন গ্রুপের রানার্সআপ হয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে। আবার উরুগুয়ে যদি স্পেনের সঙ্গে ড্র করে, কিন্তু কেপ ভার্দে চার বা তার বেশি গোলের ব্যবধানে সৌদি আরবকে হারিয়ে দেয়, সেই সমীকরণেও স্পেন নেমে যাবে দ্বিতীয় স্থানে এবং তাদেরকে লড়তে হবে আর্জেন্টিনার বিপক্ষে।
* উরুগুয়ে এবং কেপ ভার্দে— উভয় দলই যদি নিজেদের শেষ ম্যাচে জয় পায়, তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণে আসবে গোল ব্যবধানের হিসাব। যে দলের গোল ব্যবধান কম থাকবে, তারাই হবে রানার্সআপ। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য। গোল ব্যবধান সমান হলে দেখা হবে কোন দল বেশি গোল করেছে, যেখানে এখন পর্যন্ত দুই দলেরই গোল সংখ্যা সমান— দুটি করে। সেখানেও সমতা থাকলে ফেয়ার প্লে বা কার্ডের হিসাব দেখা হবে। এই দিক থেকে কেপ ভার্দের চেয়ে একটি হলুদ কার্ড কম দেখে এখন পর্যন্ত এগিয়ে আছে উরুগুয়ে।
আর যদি গ্রুপের শেষ দুটি ম্যাচই ড্র হয়, তখন উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে একই সমীকরণে নির্ধারিত হবে কোন দলটি রানার্সআপ হয়ে আর্জেন্টিনার সামনে পড়বে।
* কেপ ভার্দের সামনেও আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সুযোগ থাকছে। তারা যদি সৌদি আরবের বিপক্ষে চার গোলের কম ব্যবধানে জয় পায় এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের সঙ্গে ড্র করে, তবে কেপ ভার্দেই হবে শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ। আর কেপ ভার্দে যদি ঠিক চার গোলের ব্যবধানে জেতে, তবে গোল সংখ্যা বা ফেয়ার প্লে রেকর্ডের ভিত্তিতে স্পেনের সঙ্গে তাদের শীর্ষস্থান নিয়ে লড়াই হবে এবং রানার্সআপ দলটি পড়বে আর্জেন্টিনার সামনে।
* সবশেষ সমীকরণে থাকছে সৌদি আরব। উরুগুয়ে যদি স্পেনের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয় এবং সৌদি আরব নিজেদের ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে দেয়, তবে সমীকরণের মারপ্যাঁচে সৌদি আরবই উঠে আসবে দ্বিতীয় স্থানে। সেক্ষেত্রে শেষ বত্রিশে মেসি-স্কালোনিদের লড়তে হবে সৌদি আরবের বিপক্ষে।