ফিফা বিশ্বকাপ ২০২৬

অস্ট্রিয়া কোচও মানলেন, মেসিই সেরা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচটা শেষ পর্যন্ত লিওনেল মেসি বনাম অস্ট্রিয়াই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিজেদের সেরা খেলা না খেলতে দিলেও মেসির জোড়া গোলের কাছেই শেষ পর্যন্ত হার মেনেছে অস্ট্রিয়া। এমন পারফরম্যান্সের পর অস্ট্রিয়ার কোচ সরল স্বীকারোক্তি দিয়েছেন। এক কথায় স্বীকার করে নিয়েছেন, মেসিই সেরা। 

ম্যাচ শেষের পর প্রতিক্রিয়া জানানোর সময় কোনো রকম রাখঢাক করেননি অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। আর্জেন্টাইন অধিনায়ককে অকুণ্ঠ প্রশংসায় ভাসিয়েছেন, ‘মেসি দেখিয়ে দিয়েছে কেন সে-ই সেরা। ৩৯ বছর বয়সী কেউ যখন ম্যাচে জোড়া গোল করবে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের শুরুতেই পাঁচ গোল করে ফেলবে, তখন এটিই আসলে সব পার্থক্য গড়ে দেয়। ম্যাচের ভাগ্য বদলাতে খুব বেশি সুযোগের দরকার হয় না তার। মেসি আবারও প্রমাণ করেছে কেন সে সেরা’।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মেসির প্রশংসা করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার কনরাড লাইমারও, ‘আপনি পজিশন হারিয়ে মেসির পায়ে বল তুলে দিলে ফলাফল কী হতে পারে, সেটি আমরা বহু বার দেখেছি। মেসি জানে ওরকম পরিস্থিতিতে ঠিক কী করতে হবে’। 

দুই ম্যাচে দুই জয়ে ইতোমধ্যে পরের রাউন্ড নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে ডালাসেই জর্ডানের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।