আলজেরিয়ার কাছে হেরে জর্ডানের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। অপেক্ষা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তা শেষ হতে বেশি সময় লাগল না। জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরুর পর গতকাল সোমবার রাতে ডালাসে অস্ট্রিয়াকে ২-০ গোলে পরাস্ত করেছে আর্জেন্টিনা। পাঁচটি গোলই এসেছে অসাধারণ ছন্দে থাকা তাদের অধিনায়ক মেসির পা থেকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'জে' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার জর্ডানের কাছে হেরে গেলেও তাদের অবস্থানের কোনো নড়চড় হবে না।

মঙ্গলবার সকালে সানফ্রান্সিসকোতে নবাগত জর্ডানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আলজেরিয়া। ম্যাচের ৩৬তম মিনিটে নিজার আল রাশদানের লক্ষ্যভেদে লিড পায় জর্ডান। এগিয়ে থেকেই বিরতিতে যায় এশিয়ার দলটি। তবে দ্বিতীয়ার্ধে উজ্জীবিত আলজেরিয়াকে তারা আটকাতে পারেনি। ৬৯তম মিনিটে বদলি নাদির বেনবুয়ালি ম্যাচে সমতা টানার পর আফ্রিকার দলটিকে ৮২তম মিনিটে জয়সূচক গোল পাইয়ে দেন আমিন গৈরি।

এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আসরের সেরা বত্রিশে খেলার আশা টিকিয়ে রাখল আলজেরিয়া। তাদের অবস্থান 'জে' গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে অস্ট্রিয়া।

টানা দুই হারে পয়েন্টের খাতা এখনও খুলতে পারেনি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা জর্ডান। পাশাপাশি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা শেষ বত্রিশে মুখোমুখি হবে 'এইচ' গ্রুপের রানার্সআপদের। এই মুহূর্তে সেই জায়গাটিতে রয়েছে লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়ে।

ওই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে আরেক নবাগত কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপর ভিত্তি করে লিওনেল মেসি-লিওনেল স্কালোনিদের প্রতিপক্ষ হিসেবে স্পেন, কেপ ভার্দে কিংবা সৌদি আরবের নামও চলে আসতে পারে।