জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির, বিশ্রাম পেতে পারেন মেসিও
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, জর্ডানের হারের কারণে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনেকটাই নির্ভার হয়ে মাঠে নামতে পারবে লিওনেল স্কালোনির দল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলে বড় ধরনের রদবদলের পরিকল্পনা করছেন আর্জেন্টাইন কোচ।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জর্ডানের বিপক্ষে অনেক খেলোয়াড়কেই সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, 'যোগ্যতা অর্জন আমাদের পরিকল্পনা বদলে দেয় না। দুই ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই সেটিতে খুশি। এখন আমরা পরিস্থিতি বিশ্লেষণ করব। ধারণা হলো, যেসব খেলোয়াড় সুযোগ পাওয়ার যোগ্য, তাদের অধিকাংশকেই মাঠে নামানো। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটি করব।'
আগামী শনিবার ডালাসে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। অস্ট্রিয়া ম্যাচের পর বিশ্রামের সময় খুব কম থাকায় কোনো ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। বিশেষ করে নকআউট পর্বের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি।
ইতোমধ্যে নিশ্চিত হয়েছে যে ক্রিস্তিয়ান রোমেরো জর্ডান ম্যাচে খেলবেন না। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। বিশ্বকাপের আগে একই হাঁটুতে মচকানোর সমস্যা ছিল বলে তাকে সতর্কতামূলক বিশ্রামে রাখা হবে।
এদিকে চোট নিয়ে বিশ্বকাপ শুরু করা নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলেছেন। জর্ডানের বিপক্ষে তাদের আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে, যাতে নকআউট পর্বের আগে ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পান।
স্কালোনির সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এঞ্জো ফার্নান্দেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্তার প্রথম দুই ম্যাচই পুরো খেলেছেন। একইভাবে লিসান্দ্রো মার্তিনেসও এখনও পর্যন্ত একটি মিনিটের জন্যও মাঠ ছাড়েননি। তাই তাদের বিশ্রাম দেওয়া হবে কি না, সেটিও আগামী কয়েক দিনের অনুশীলনে পরিষ্কার হবে।
তবে সবচেয়ে বড় প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। বুধবার ৩৯ বছরে পা রাখতে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ক দুর্দান্ত ছন্দে রয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন তিনি। তার গোলসংখ্যা এখন ১৮, যেখানে মিরোস্লাভ ক্লোসে থেমেছিলেন ১৬-তে।
সে কারণে অনেক সমর্থকই চাইবেন জর্ডানের বিপক্ষেও মেসিকে মাঠে দেখতে। কারণ প্রতিটি ম্যাচই এখন তার রেকর্ডকে আরও সমৃদ্ধ করার সুযোগ। তবে স্কালোনির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নকআউট পর্ব। তাই মেসিসহ দলের অন্য তারকাদের নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন তিনি, সেটিই এখন আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয়।