ভিনিসিউসের হ্যাটট্রিকবঞ্চিত হওয়ার ম্যাচে ভিএআর বিতর্ক
ভিনিসিউস জুনিয়র জোড়া গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দিয়ে নকআউটে তুলেছেন। তবে তিনি পেতে পারতেন হ্যাটট্রিকও। তার একটি গোল বাতিল না হলে এমনকি প্রথমার্ধেই হ্যাটট্রিক হয়ে যেত। ব্রাজিল বড় ব্যবধানে জিতলেও ভিনিসিউসের বাতিল হওয়া গোল নিয়ে আলোচনা তাই চলমান। খুবই আলতো স্পর্শে ফাউল ধরে গোল বাতিল করায় বিস্ময় প্রকাশ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অফিশিয়াল ও বিবিসির এক্সপার্ট পর্যবেক্ষক ড্যারেন কান।
ম্যাচের ২২ মিনিটের ঘটনা। তখন ভিনির শুরুতে দেওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল। স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির আয়েশি মুভ থেকে বল কেড়ে জালে জড়ান ভিনি, উদযাপনও সারেন। খানিক পর ভিএআর পরীক্ষা করতে যান মেক্সিকান রেফারি সিজার রামোস। রিপ্লে দেখে ভিনিসিউসের সঙ্গে স্কটিশ ডিফেন্ডারের পায়ের স্পর্শ খুঁজে পান তিনি। একটি অ্যাঙ্গেল দেখেই দ্রুত গোল বাতিলের সিদ্ধান্ত দেন তিনি।
অবশ্য আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখা যায় ভিনিসিউসের পা ছিল বলের দিকেই, হেনড্রি বরং সেটা আটকাতে গিয়ে ভিনির পায়ে স্পর্শ লাগান।
এই সিদ্ধান্তের পর বিবিসি তাদের সরাসরি সম্প্রচার চলাকালীন ড্যারেন কানের সঙ্গে পরামর্শ করে। প্রিমিয়ার লিগের সাবেক এই অফিশিয়াল জানান যে, স্কটল্যান্ডের এই গোল না খাওয়ায় নিজেদের ভাগ্যবান ভাবতে পারে তারা, ‘সত্যি বলতে, আমার মনে হয় স্কটল্যান্ড কিছুটা ভাগ্যবান। বল খেলার আগে সামান্য স্পর্শ হয়েছিল, তবে আমি সত্যিই মনে করি না যে এটি ভিনি জুনিয়রের ফাউল ছিল। সে কেবল নিজের জায়গা ধরে রাখছিল এবং ডিফেন্ডার নিজেই তার গায়ে লাথি মারে।’
‘আমার মনে হয় এটি এমন একটি বিষয় যা নিয়ে স্কটল্যান্ড সিদ্ধান্ত পেয়ে গেছে, তবে এই সিদ্ধান্তটি পেয়ে তারা কিছুটা ভাগ্যবান।’
ম্যাচে অবশ্য এই গোল বাতিলের কোনো প্রভাব পড়েনি। প্রথমার্ধের যোগ করা সময়ে হেড করে নিজের দ্বিতীয় গোল পান ভিনি। বিরতির পর ব্যবধান বাড়ান মাথেয়াস কুনিয়া। গ্রুপসেরা হয়েই নকআউটে পা রাখে ব্রাজিল।