ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমারের অল্প উপস্থিতিতেই ‘খুশি’ আনচেলত্তি, দলের খেলায় চান আরও গতি

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল যেন ছিল ছন্নছাড়া। কেবল নিজেদের ছায়া হয়ে খেলে কোনো রকমে ড্র নিয়ে মাঠ ছেড়েছিলো তারা। পরের ম্যাচে গা ঝাড়া দিয়ে হাইতিকে উড়িয়ে দিলেও খটকা থেকে গিয়েছিল। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে দেখা গেল আরও শাণিত, মিলল চেনা ছন্দের আভা। তবু কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, এখনো কিছু জায়গায় উন্নতি করতে হবে তাদের। তবে চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমার অল্প সময়ের উপস্থিতিতেই ভালো করেছেন বলে মত তার।

স্কটিশদের ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। দলের জয়ে ঝলমলে ছিলেন ভিনিসিউস জুনিয়র। জোড়া গোল করেছেন তিনি, গোল পেয়েছেন মাথেউস কুনিয়াও।

তিন গোলে জিতলেও ব্রাজিল এদিন গোলের সুযোগ তৈরি করেছে অনেকগুলো। প্রতিপক্ষের গোলমুখে ২১টি শটের ৯টি ছিল লক্ষ্যে, যার মধ্যে আরও দুই-তিনটি গোল হতেই পারত।

এদিন চোটে পড়া রাফিনিয়ার জায়গায় রাইট উইঙে রায়ানকে খেলিয়েছে পাঁচবারের বিশ্বসেরারা। তরুণ রায়ান দেখিয়েছেন প্রতিশ্রুতি, ব্রুনো গিমারেস মিডফিল্ডে রেখেছেন মুন্সিয়ানা। বড় কোনো ভুল করতে দেখা যায়নি বাকিদেরও।

ম্যাচ শেষে আনচেলত্তি বললেন, বল দখলে নিয়ে আরেকটু গতি আনা দরকার ছিল তাদের। নকআউটে এসব জায়গায় দেখতে চান উন্নতি, ‘আমরা একটা দল হয়ে খেলতে পারছি, এটাই লক্ষ্য ছিল। তবে আমরা এখনো নিখুঁত নই, অল্প কিছু ব্যাপারে উন্নতি প্রয়োজন—বল দখলে থাকার সময় আমরা আরও গতিময় হতে পারি।’

‘দলের পারফরম্যান্সে আমি খুশি, কারণ প্রথম ম্যাচের পর থেকে দল উন্নতি করছে। আমরা এখন নকআউট পর্বে পৌঁছেছি, এখন একদম নিখুঁত থাকা গুরুত্বপূর্ণ।’

ব্রাজিল যখনই বিশ্বকাপে খেলে, দলটির সমর্থকরা আশা করেন শিরোপা। তবে আনচেলত্তি এগোতে চান ধাপে ধাপে। এখনো তাই সেভাবেই চিন্তা করার কথা বললেন তিনি, ‘কত দূর যাব সেই লক্ষ্য এখনো ঠিক করিনি। কেবল ভালো খেলা নয়, জিততে চাই। একজন কোচকে যাচাই করা হয় জয় দিয়ে, ভালো বা মন্দ খেলা দিয়ে নয়।’

৭৬ মিনিটে মাঠে প্রবেশ করেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সিতে নামা এই তারকা মিনিট বিশেক খেলতে পেরেছেন। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে যতক্ষণ মাঠে দেখেছেন, তাতে ইতিবাচক কিছু খুঁজে পেয়েছেন কোচ, ‘নেইমারের খেলাটা প্রাপ্য ছিল। সে কাজ করেছে, অনুশীলনে প্রচুর পরিশ্রম করেছে। তার সেই কোয়ালিটি আছে যা দিয়ে দলকে সাহায্য করতে পারে। সে খুব অল্প সময় খেলেছে, তবে ভালো খেলেছে।’

ভিনিসিউসের দুরন্ত ছন্দ, নেইমারের ফেরা মিলিয়ে ভক্ত-সমর্থকরা শিরোপার আশায় উন্মাদনা তৈরি করছেন। তবে তাদের রয়েসয়ে থাকতে বললেন আনচেলত্তি। তার স্পষ্ট কথা, ‘শান্ত থাকুন।’