হেডে গোল করার বাজি জিতে আনচেলত্তির কাছে উপহার চাইলেন ভিনি
ভিনিসিউস জুনিয়রের উচ্চতা গড়পড়তা। খুব উঁচু না হওয়ায় হেড করে গোল করা তার জন্য একটু কঠিন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেশিরভাগ সময় পায়ের কারিকুরিতেই করেন বাজিমাত। তবে স্কটল্যান্ডের বিপক্ষে একটা গোল হেড দিয়ে করে দেখিয়েছেন ভিনি। তিনি যে হেড দিয়ে গোল করতে পারবেন, এই বিশ্বাস ছিল না স্বয়ং কোচ কার্লো আনচেলত্তির। শেষ পর্যন্ত বাজি জিতে কোচের কাছ থেকে উপহার চাইলেন রিয়াল মাদ্রিদ তারকা।
স্কটল্যান্ডকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩–০ গোলে হারায় ব্রাজিল। এই ম্যাচে দুই গোল করা ভিনি তার দ্বিতীয় গোলটি করেন হেড দিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেজের ক্রস থেকে লাফিয়ে ক্ষিপ্র হেডে বল জালে জড়ান তিনি।
গ্রুপ পর্বের তিন ম্যাচে এতে করে ৪ গোল হয়ে যায় তার। ২০০২ সালের পর গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করলেন কোনো ব্রাজিলিয়ান।ম্যাচসেরা হয়ে এসে হেডে গোল করার পর ভিনিসিউস মজার গল্প শেয়ার করেছেন। ভিনিসিউস বলেন, ‘আমি কার্লো আনচেলত্তিকে কথা দিয়েছিলাম যে আমি হেডে একটি গোল করব। তিনি আমাকে বলেছিলেন যে এটা প্রায় অসম্ভব এবং যদি আমি এটা করতে পারি, তবে তিনি আমাকে একটি উপহার দেবেন। আমি এখন সেটার (উপহার) জন্যই অপেক্ষা করছি।’
সাম্প্রতিক সময়ে নেইমার চোটে থাকায় ব্রাজিলের মূল খেলোয়াড় হয়ে উঠেছেন ভিনি। চোট কাটিয়ে নেইমার ফিরলেও ভিনিই এখন মূল ভরসা। ইতোমধ্যে বিশ্বকাপে ৪ গোল করেছেন, একটি অ্যাসিস্ট করে দলের সেরা পারফর্মার তিনি।নিজের ঘাটতির জায়গা হেড দিয়ে গোল করার পর কোচ আনচেলত্তি নিশ্চিতভাবেই খুশি মনেই তাকে পুরস্কৃত করবেন।


