কেপ ভার্দেকে সমীহ করে স্কালোনি, ‘তারা শক্ত প্রতিপক্ষ’

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের প্রতিপক্ষ কেপ ভার্দেকে বেশ সমীহ করছেন লিওনেল স্কালোনি। এর পেছনে রয়েছে এবারের আসরে নবাগত আফ্রিকান দলটির নজরকাড়া পারফরম্যান্স। সেটা বিবেচনায় নিয়ে নকআউট পর্বে তারা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ।

রোববার বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রেখেছে শিরোপাধারীরা। তাদের হয়ে জাল কাঁপান বদলি নামা অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো।

জর্ডানকে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুখোমুখি হন স্কালোনি। সেখানে আগামী ৪ জুলাই শেষ বত্রিশের লড়াইয়ে প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে নিজের সতর্ক অবস্থানের কথা তুলে ধরেছেন তিনি।

স্কালোনি বলেছেন, 'তারা ভালো একটি দল। (গ্রুপ পর্বে) নিজেদের তিন প্রতিপক্ষের জন্যই তারা পরিস্থিতি কঠিন করে তুলেছিল। তারা বেশ শক্ত প্রতিপক্ষ। স্পেনের মতো ফেভারিট দল এবং উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে যেমনটা করেছে, আমাদের বিপক্ষেও তারা সেভাবেই কঠিন পরিস্থিতি তৈরি করবে।'

এবারের আসরে রীতিমতো বড় চমক দেখিয়ে নকআউটে এসেছে অভিষিক্ত কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি তারা, তিনটিই ড্র করেছে। শিরোপার অন্যতম দাবিদার স্পেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সৌদি আরবের মতো দলগুলোর বিপক্ষে দারুণ পারফর্ম করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।

বিশ্বকাপে এখন পর্যন্ত দলটির খেলা দেখে সতর্ক থাকার কথা জানিয়েছেন স্কালোনি, 'এই বিশ্বকাপে আমরা যা দেখছি, সেই বিবেচনায় আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির, মানসম্পন্ন ও দারুণ একটি দল।'

জর্ডানের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে নয়টি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। তা সত্ত্বেও বিরতির আগে লো সেলসো ও লাউতারোর গোলে চালকের আসনে বসে পড়ে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডান একটি গোল শোধ করে লড়াই জমানোর আভাস দিলেও মেসির ফ্রি কিক জালে জড়ালে সব ধোঁয়াশা উড়ে যায়।

শিষ্যদের পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেছেন, 'আজকের ম্যাচটি এমন ছিল যেখানে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি এবং (যারা বিশ্রাম পেয়েছে তাদের জায়গায়) ওই পজিশনে খেলতে পারে এমন সম্ভাব্য খেলোয়াড়দের দেখে নিতে পেরেছি।'