মেসিকে নিয়ে বিশেষণ ফুরিয়ে যাচ্ছে স্কালোনির
লিওনেল মেসিকে নিয়ে নতুন করে আর কী বলবেন, সেটাই যেন খুঁজে পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর বিশ্বকাপে টানা সপ্তম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর সেই কীর্তির পর নিজের বিস্ময়ই লুকাতে পারলেন না স্কালোনি।
ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এক ঘণ্টা পর বদলি হিসেবে মাঠে নামেন ৩৯ বছর বয়সী মেসি। এরপর ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল ফ্রান্সের জাস্ট ফন্তেইন ও ব্রাজিলের জাইরজিনহোর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, 'এটা আমার জন্য কিছুটা অস্বস্তিকর হয়ে যায়, কারণ সবাই যখন মেসিকে নিয়ে প্রশ্ন করে, তখন সত্যিই আমি কী বলব বুঝে উঠতে পারি না।'
তিনি আরও বলেন, 'আজ সে চাইলে পুরো ৯০ মিনিটই খেলতে পারত। কিন্তু প্রতিপক্ষকে ছোট না করেই বলছি, সে চেয়েছিল তার সতীর্থরাও যেন খেলার সুযোগ পায় এবং সামনের ম্যাচগুলোর জন্য নিজেকেও কিছুটা সতেজ রাখে।'
স্কালোনির মতে, ব্যক্তিগত রেকর্ড নয়, দলের সফলতাই মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 'মানুষ যেসব পরিসংখ্যান নিয়ে কথা বলছে, সেগুলো নিয়ে সে মোটেও ভাবছে না। আমার মাথায় এখন একটাই শব্দ আসে, আমি এখনও বিস্মিত।'
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম দুই গোল আসে জিওভানি লো সেলসোর ফ্রি-কিক এবং লাউতারো মার্তিনেজের পেনাল্টি থেকে। চলতি বিশ্বকাপে এই প্রথম মেসি ছাড়া অন্য কোনো আর্জেন্টাইন খেলোয়াড় গোল করলেন। তবে শেষ পর্যন্ত গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে যান মেসি এবং সর্বোচ্চ গোলদাতার অবস্থান আরও শক্ত করেন।
এই ম্যাচে স্কালোনি প্রথম একাদশে নয়টি পরিবর্তন এনেছিলেন। নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট তিনি, 'আজকের পারফরম্যান্স নিয়ে আমি খুবই ইতিবাচক। সবচেয়ে বড় আনন্দ হলো, বিশ্বকাপে দলে থাকা প্রায় সবাইকে মাঠে নামানোর লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি। তারা সবাই এই অভিজ্ঞতার যোগ্য। কঠিন ম্যাচেও তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছে এবং প্রমাণ করেছে, ভবিষ্যতেও তাদের ওপর ভরসা করা যায়।'
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক হলেও আফ্রিকার দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি, তাদের পারফরম্যান্স দেখে আমি মোটেও অবাক হইনি। তারা খুব ভালো দল। তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলেছে। স্পেন তাদের হারাতে পারেনি, উরুগুয়েও পারেনি। তারা দ্রুতগতির এবং দারুণ মানের ফুটবল খেলে। আমি নিশ্চিত, আমাদের জন্যও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।'