অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ব্রাজিল
ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ লড়াইয়ে জাপানের বিপক্ষে কোনো চমক রাখছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো যে একাদশ দুর্দান্ত ছন্দ দেখিয়েছিল, সেই দল নিয়েই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
স্কটল্যান্ড ম্যাচে দীর্ঘদিন পর মাঠে ফেরা নেইমার এবারও শুরুর একাদশে জায়গা পাননি। পুরোপুরি ফিট হলেও তাকে বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে নামানোর পরিকল্পনা রয়েছে ব্রাজিল কোচের।
আক্রমণভাগে দায়িত্ব থাকছে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই চার গোল করে দুর্দান্ত ফর্মে থাকা এই রিয়াল মাদ্রিদ তারকাই হবেন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা। তার সঙ্গে আক্রমণে থাকছেন মাতেইস কুনিয়া ও রায়ান।
মিডফিল্ডে ব্রুনো গিমারেস, কাসেমিরো ও লুকাস পাকেতা ভারসাম্য রক্ষা করবেন। আর রক্ষণভাগে মারকিনিওস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের জুটির সামনে থাকবেন গোলরক্ষক অ্যালিসন বেকার। দুই ফুলব্যাক হিসেবে আছেন দানিলো ও দগলাস সান্তোস।
অন্যদিকে, জাপানও শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে। তবে দলটির বড় দুশ্চিন্তার নাম তাকেফুসা কুবো। চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। যদিও দাইজেন মায়েদা ও আয়াসে উয়েদার গতিময় আক্রমণ সামলানোই হবে ব্রাজিলের অন্যতম বড় চ্যালেঞ্জ।
ব্রাজিল একাদশ:
আলিসন বেকার; দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েলমাগালায়েস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারেস, কাসেমিরো, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, মাতেইস কুনিয়া, রায়ান।