পাঁচ ডিফেন্ডার নামানোর ব্যাখ্যা দিলেন কোমান
বিশ্বকাপের শেষ বত্রিশে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ডাচ কোচ রোনাল্ড কোমান। কারণ, আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত নেদারল্যান্ডসকে তিনি খেলিয়েছেন পাঁচ ডিফেন্ডার নিয়ে। তবে সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এই কোচ।
অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। এরপর সংবাদ সম্মেলনে কোমান বলেন, পাঁচ ডিফেন্ডার নিয়ে নামার সিদ্ধান্ত ভয়ে নয়, বরং প্রতিপক্ষকে বিশ্লেষণ করেই নেওয়া হয়েছিল।
'এই রক্ষণাত্মক কৌশলে আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলোর তুলনায় অনেক কম সুযোগ প্রতিপক্ষকে দিয়েছি। এটা ইতিবাচক দিক ছিল। তবে একই সঙ্গে আমরা আক্রমণেও কিছুটা কম কার্যকর ছিলাম,' বলেন কোমান।
মরক্কোকে সুইডেন কিংবা তিউনিসিয়ার চেয়ে অনেক শক্তিশালী দল উল্লেখ করে তিনি বলেন, 'আপনারা কৌশল নিয়ে যা খুশি ভাবতে পারেন। কিন্তু সুইডেন ও তিউনিসিয়ার তুলনায় অনেক শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা অনেক কম সুযোগ দিয়েছি। আবার যদি একই ম্যাচ খেলতে হতো, আমি ঠিক একইভাবেই দল সাজাতাম।'
কোমান মনে করেন, শেষ মুহূর্তে মরক্কো সমতা ফেরাতে না পারলে তার এই কৌশলেরই প্রশংসা হতো। 'মরক্কো যদি শেষ দিকে গোল করে সমতা না ফেরাত, তাহলে হয়তো সবাই আমার প্রশংসা করত। কিন্তু এখন পাঁচ ডিফেন্ডার নামানোর জন্য আমাকে সমালোচনা করা হচ্ছে। তবুও আমি বিশ্বাস করি, এই সিদ্ধান্তই সঠিক ছিল।'
ডাচ কোচ জানান, ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা হয়েছিল এবং সবাই এতে একমত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশে কোমান বলেন, 'আপনারা আমাকে সমালোচনা করতেই পারেন, সেটি আপনাদের অধিকার। কিন্তু আপনারা মাঠের বাইরে থেকে ফুটবল দেখেন। আমি দলের সঙ্গে থাকি। কোথায় উন্নতি দরকার ছিল, সেটা আমি জানতাম এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।'
ভয়ের কারণে দলকে রক্ষণাত্মকভাবে খেলানো হয়েছে এমন অভিযোগও উড়িয়ে দিয়ে বলেন, 'এটি কোনোভাবেই ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত ছিল না। ভয় কেন পাব? আমাদের দলে তো তিনজন স্ট্রাইকার খেলছিল। বিষয়টি ছিল রক্ষণকে আরও শক্তিশালী করা। প্রতিপক্ষকে বিশ্লেষণ করেই এই পরিকল্পনা করা হয়েছিল, ভয়ে নয়।'
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন কুমান। তিনি জানান, কিছুটা সময় নিয়ে পুরো টুর্নামেন্ট পর্যালোচনা করার পরই জাতীয় দলের দায়িত্বে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করা মরক্কো আগামী রাউন্ডে মুখোমুখি হবে স্বাগতিক কানাডার।