নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
নরওয়ে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে মিডফিল্ডার লুকাস পাকেতাকে পাচ্ছে না দলটি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই খবর নিশ্চিত করেছে।
শুধু নরওয়ের বিপক্ষেই নয়, ব্রাজিল যদি ফাইনালে উঠতে না পারে, তাহলে এই টুর্নামেন্টেই আর দেখা যাবে না পাকেতাকে।
হিউস্টনে জাপানের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাকেতা। ফলে ম্যাচ শেষ না করেই উঠে যেতে হয়েছিল তাকে।
কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সাথে মিডফিল্ডে কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ ছিলেন পাকেতা। তার ইনজুরিতে দলে ঢুকতে পারেন আরেক মিডফিল্ডার দানিলো সান্তোস। অথবা ব্রাজিল আরও আক্রমণাত্মক হতে চাইলে এন্ড্রিক কিংবা গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকেও দেখা যেতে পারে প্রথম একাদশে।
এদিকে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পাওয়া রাফিনিয়া ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন। নরওয়ে ম্যাচের আগে তার পরিস্থিতির যথেষ্ট পরিমাণ উন্নতি হলে তাকে সেই ম্যাচের বদলি খেলোয়াড়ের তালিকায় দেখা যেতে পারে।