সবাই ভেবেছিল সহজে জিতব, আমরা জানতাম এমন হবে না: স্কালোনি
অনেকটা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের বিপক্ষে কাঁপন ধরে গিয়েছিলো তাদের। অনেকের ভাবনা এলোমেলো করে কেপ ভার্দের লড়াই জাগায় বিস্ময়। স্কালোনি অবশ্য আগে থেকেই জানতেন যে ম্যাচটা মোটেও সহজ হবে না।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর জয় পায় আর্জেন্টিনা। তবে আফ্রিকার ছোট এই দেশের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের যেভাবে ঘাম ঝরাতে হয়েছে, তাতে স্পষ্ট নকআউটের কোনো ম্যাচই সহজ নয়।
শুক্রবার ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের কঠিন লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ড্র ভাগ্য নিয়ে যারা কথা তুলেছিলেন, তাদের এক হাত নিয়ে স্কালোনি বলেন, ‘এটা তাদের জন্য জবাব, যারা বলেছিল ড্র-তে আমরা সহজ প্রতিপক্ষ পেয়েছি। অবশ্যই জয় এবং পরের রাউন্ডে যাওয়া আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ম্যাচটি ছিল অত্যন্ত কঠিন।’
কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু মাঠের লড়াইয়ে চিত্রটা ছিল একদম ভিন্ন। চরম আন্ডারডগ হিসেবে খেলতে এসেও আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। দুইবার সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ টেনে নিয়ে যায় অতিরিক্ত সময়ে।
নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের এই ম্যারাথন লড়াইয়ে ফুটবলারদের ক্লান্তির বিষয়টিও উল্লেখ করেন স্কালোনি, ‘ম্যাচ শেষে ছেলেরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের উন্নতির আরও জায়গা আছে, তবে দল আজ দারুণ সহনশীলতা দেখিয়েছে। অতিরিক্ত সময়ের কারণে অনেক বেশি মিনিট খেলতে হয়েছে, কারও কারও পায়ে ক্র্যাম্প ধরেছিল। কিন্তু তারা যখন মন থেকে খেলে, তখন যেকোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। দল আজ তাদের চরিত্র ও যোগ্যতা প্রমাণ করেছে।’
ম্যাচের একপর্যায়ে কেপ ভার্দের লেফট ব্যাক সিডনি লোপেস ক্যাব্রাল যখন চমৎকার এক বাঁকানো শটে গোল করে খেলা ৩-৩ করার সুযোগ তৈরি করেছিলেন, তখন বড় ধরনের অঘটনের মেঘ জমছিল আর্জেন্টিনার আকাশে। সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে স্কালোনি বলেন, ‘আমি শুধু চাচ্ছিলাম ম্যাচটি যেন শেষ হয়। আপনারা দেখেছেন ওরা কী অবিশ্বাস্য একটা গোল করেছে। আমি সবসময়ই সতর্ক থাকি। তবে বাইরে থেকে যতটা দেখাচ্ছিল, আমি ভেতরে তার চেয়ে শান্ত ছিলাম। সবাই ভেবেছিল এটা খুব সহজ জয় হবে, কিন্তু আমরা জানতাম এমন হবে না।’
ফেভারিট হওয়ার বাড়তি কোনো চাপ দলের ওপর চেপে বসেছিল কি না—এমন প্রশ্নে আর্জেন্টিনা কোচ বলেন, ‘না, একদমই না। এই দলের সবচেয়ে ভালো দিক হলো, এরা কখনো দমে যায় না; শুধু এগিয়েই যায়। ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে আক্রমণ চালিয়ে গেছে। মাঠের কন্ডিশনও কিছুটা অদ্ভুত ছিল, বল ঠিকঠাক আসছিল না, যা আমাদের চেনা ছন্দের জন্য মোটেও আদর্শ ছিল না। তবে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি।’
আর্জেন্টিনার ফুটবল মানেই যে স্নায়ুচাপ আর বুক ধকপকানি, তা আরও একবার মনে করিয়ে দিয়ে স্কালোনি বলেন, ‘আর্জেন্টাইন হওয়ার মানে কী? কষ্ট সহ্য করা! কেপ ভার্দে আজ তাদের ২০০ শতাংশ উজাড় করে দিয়েছিল, আর ফুটবলে এটাই ব্যবধান ঘুচিয়ে দেয়। সমর্থকরাই সবার আগে বোঝে যে এটা আর্জেন্টিনা, আর আমাদের জন্য কোনো কিছুই সহজে পাওয়ার নয়। এই জার্সির একটা আলাদা ঐতিহ্য আছে। আমরা সামনে এগিয়ে যাব এবং এই কঠিন পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করে তুলল।’