টানা ৭৮ দিনের আন্দোলনের পর পদত্যাগ করলেন জাবি প্রক্টর
শিক্ষার্থীদের টানা ৭৮ দিনের আন্দোলনের পর পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
গত ১২ মে ক্যাম্পাসে বহিরাগত কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৬ মে তারা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে টানা দুই মাস ১৩ দিন ধরে অফিসটি বন্ধ ছিল।
সেসময় আন্দোলনকারীদের অভিযোগ ছিল, প্রক্টর রাশিদুল আলমের দায়িত্বকালেই ক্যাম্পাসে একাধিক গুরুতর সহিংসতার ঘটনা ঘটলেও তিনি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। তাই তার পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রক্টর অফিসের তালা না খোলার ঘোষণা দিয়েছিলেন তারা।
অবশেষে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানে সই করা এক অফিস আদেশে জানানো হয়, অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্বেচ্ছায় প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন।
ওই অফিস আদেশে আরও বলা হয়, তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।