টানা চতুর্থ বছরের মতো জিপিএ-৫ কমলো

স্টার অনলাইন রিপোর্ট

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা টানা চতুর্থ বছরের মতো কমেছে।

আজ সোমবার সকালে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল থেকে এই তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২। ২০২৩ সালে জিপিএ-৫ কমে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮, ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ এবং ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২-এ দাঁড়ায়।

আর এ বছর তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬-এ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী (৩৩ হাজার ২৫৩ জন) জিপিএ-৫ পেয়েছে।

এরপর রাজশাহীতে ১৬ হাজার ১১৩ জন এবং দিনাজপুরে ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।  

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।