বার্সার সঙ্গে চুক্তি না হওয়ায় হতবুদ্ধি হয়ে পড়েছিলেন মেসি
খবরটি লিওনেল মেসি প্রথমে শুনেছিলেন বাবার মুখে। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে লম্বা বৈঠক শেষে বাড়ি ফিরে হোর্হে মেসি নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার কথা জানিয়েছিলেন তার ছেলেকে। তখন হতবুদ্ধি হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা ও তার পরিবার। প্রিয় ক্লাবের সঙ্গে তার বিচ্ছেদের দুঃখ ও যন্ত্রণায় তৈরি হয়েছিল এক আবেগঘন পরিস্থিতির।
বার্সায় দীর্ঘ ২১ বছর কাটিয়ে গত মঙ্গলবার রাতে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি। পরদিন ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে সংবাদ সম্মেলন ডেকে রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় প্যারিসিয়ানরা। সেখানে নানা আয়োজনের ফাঁকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগকে সাক্ষাৎকার দেন তিনি।
স্প্যানিশ ক্লাব বার্সার সঙ্গে নতুন চুক্তি না হওয়ার বিষয়টি মেসিকে নিশ্চিত করেছিলেন তার বাবা হোর্হে, 'বাবা বাড়ি ফিরে এলেন। লাপোর্তার সঙ্গে পুরোটা সন্ধ্যা তিনি বৈঠকে ছিলেন। যখন তিনি এলেন, তিনি আমাকে সবকিছু বললেন। সেই মুহূর্তে আমি খুবই মুষড়ে পড়েছিলাম।'
নিজে ভেঙে পড়া সত্ত্বেও স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন সন্তানকে সবকিছু খুলে বলতে হয়েছিল ৩৪ বছর বয়সী তারকাকে, 'বাবা আমাকে আগে বলেছিলেন যেন আন্তোনেল্লা ও বাচ্চাদের জানানোর আগে আমি প্রস্তুতি নিতে পারি। আমি তাকে (স্ত্রী) বললাম এবং আমরা কাঁদলাম। আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম। তারপর বাচ্চাদের কীভাবে জানাব তার উপায় বের করতে নিজেদের মধ্যে আলাপ করেছিলাম।'
কিছুই যেন বুঝে উঠতে পারছিলেন না সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি, 'যখন বার্সেলোনা আমাদের খবরটি জানায়, আমরা হতবুদ্ধি হয়ে পড়েছিলাম। আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। কোথা থেকে ফের শুরু করব, কোথায় যাব এবং পরিবারে যে বিপর্যয় নেমে এসেছিল, সেসব নিয়ে ভীষণ শঙ্কা ও অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলাম।'
তবে পিএসজির সঙ্গে চুক্তি হওয়ার পর থেকে স্বস্তির সুবাতাস বইছে মেসির মনে, 'পিএসজির সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে আমি কেবল সামনেই তাকাচ্ছি। ব্যক্তিগত ও পারিবারিকভাবে এই পরিবর্তনের (বার্সেলোনা থেকে প্যারিসে যাওয়া) সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।'
গত সপ্তাহে লা লিগার নিয়মানুসারে আর্থিক ও কাঠামোগত বাধার কারণে মেসিকে ন্যু ক্যাম্পে রাখতে না পারার বিষয়টি জানায় বার্সা। এর পাঁচদিন পর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে তিনি যোগ দেন পিএসজিতে। নেইমার, কিলিয়ান এমবাপেদের সঙ্গে খেলতে মুখিয়ে থাকার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের প্রত্যাশা ইতোমধ্যে ব্যক্ত করেছেন তিনি।