রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন বার্সেলোনার ফাতি
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন আনসু ফাতি। তবে তাকে নিয়ে কোনো তাড়াহুড়োয় যেতে চাইছেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। গ্রানাদার বিপক্ষে দলটির আগামী ম্যাচের স্কোয়াডে ফাতিকে রাখেননি তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাতালানদের পরের ম্যাচ দিয়ে ফিরবেন এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।
শনিবার লা লিগায় গ্রানাদার মাঠে খেলতে নামবে বার্সা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায়। এরপর আগামী বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচের দলে ফাতিকে রাখার কথা জানিয়েছেন জাভি।
গ্রানাদার বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন, 'আনসু সুস্থ আছে। (গ্রানাদার বিপক্ষে) তার স্কোয়াডে থাকার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমরা তাকে নিরাপদ রাখতে চাই। সে সুপার কাপের জন্য আমাদের সঙ্গে থাকবে, যা আমাদের জন্য দারুণ খবর। সে বড় ধরনের পার্থক্য গড়ে দেয়।'
গ্রানাদার বিপক্ষে বার্সেলোনা আরও পাচ্ছে না সার্জিনো ডেস্ট, গাভি, এজ আব্দে ও আলেহান্দ্রো বালদেকে। করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন তারা। তাছাড়া, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ায় ইতোমধ্যে ক্যাম্প ন্যু ছেড়ে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কৌতিনহো।
ফাতির ফেরার খবর দিলেও এখনই এল ক্লাসিকো নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন জাভি, 'এই মুহূর্তে আমরা গ্রানাদা ম্যাচের কথা ভাবছি। আমরা রিয়াল মাদ্রিদের কথা না ভেবে শুধু এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। সামনে রিয়াল মাদ্রিদ থাকায় তাকে (ফাতি) আমরা ধরে রাখছি এমন নয়, বরং ফিটনেসের কথা ভেবে খেলাচ্ছি না।'