অভিনয়ে সময় দিতে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়লেন আনুশকা
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মজ (সিএসএফ) থেকে সরে গেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয়ে সময় দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন। তিনি বলেছেন, অভিনয় আমার প্রথম ভালোবাসা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই প্রযোজনা প্রতিষ্ঠানটি তিনি ও তার ভাই কর্ণেশ শর্মা প্রতিষ্ঠা করেন। বিবৃতিতে আনুশকা বলেন- আমি যখন আমার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে ক্লিন স্লেট ফিল্মজ শুরু করি তখন প্রযোজনায় আমরা নবীন ছিলাম। কিন্তু এ পর্যন্ত আমরা যেসব কাজ করতে পেরেছি তা নিয়ে আমি গর্বিত।
তিনি আরও বলেন, যদিও সিএসএফের বাণিজ্যিক প্রকল্পগুলো কেমন হওয়া উচিত তা আমার পরিকল্পনায় শুরু হয়েছিল। তবে, আমি কর্ণেশকে কৃতিত্ব দেব যে, আজ সিএসএফ যা হয়ে উঠেছে তা গঠনে তার অনেক অবদান আছে। আমি একজন নতুন মা এবং আমার পেশা অভিনয়। আর অভিনয়ই আমার প্রথম ভালোবাসা। তাই আমাকে এখন পরিবার ও অভিনয়ে ভারসাম্য বজায় রাখতে হবে। যা আগে কখনো হয়নি। সুতরাং, আমি সিদ্ধান্ত নিয়েছি- আমি আমার সময় অভিনয়ে উৎসর্গ করব! এ কারণে আমি সিএসএফ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অভিনেত্রী আশা প্রকাশ করেন, কর্ণেশের অধীনে প্রোডাকশন হাউসটি আরও বড় হয়ে উঠবে। সিএসএফের পুরো পরিবারকে তিনি শুভেচ্ছা জানান।
কাজের ক্ষেত্রে আনুশকাকে সর্বশেষ 'জিরো'তে দেখা যায়। বর্তমানে তিনি 'চাকদা এক্সপ্রেস' এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন।