ধানুশ-ঐশ্বরিয়াকে এক করার চেষ্টা করছেন রজনীকান্ত

স্টার অনলাইন ডেস্ক

ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত গত ১৭ জানুয়ারি তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া পেজে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। যা তাদের পরিবারের সদস্য, ভক্ত এবং বন্ধুদের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। তবে, শেষ খবর হলো ঐশ্বরিয়ার বাবা সুপারস্টার রজনীকান্ত চান ধানুশের সঙ্গে কন্যার মিটমাট। তিনি দু'জনকে আবারও এক করার চেষ্টা করছেন এবং এ নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে কথাও বলছেন।

আজ বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ধানুশ এবং ঐশ্বরিয়ার বিচ্ছেদকে ভালোভাবে নিতে পারেননি রজনীকান্ত। তিনি তাদের সঙ্গে আলোচনা করে পুনরায় এক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একটি সূত্র বলেছে, রজনী স্যার তার কন্যার ব্রেকআপকে খুব খারাপভাবে নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই বিচ্ছেদ সাময়িক। তিনি ঐশ্বরিয়াকে বিষয়টি মিটমাটের অনুরোধ করছেন।

তবে, এটি স্পষ্ট নয় যে ঐশ্বরিয়া এবং ধানুশ জনসমক্ষে ঘোষণার পর আবারও একসঙ্গে হবেন কিনা।

এর আগে, ধানুশের বাবা বিচ্ছেদকে পারিবারিক ঝগড়া বলে অভিহিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তারা এখনো বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেনি। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।