বলিউড অভিনেত্রী সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জালিয়াতি মামলায় আইনি জটিলতায় পড়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। তার বিরুদ্ধে জামিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অভিযোগ, ৩৭ লক্ষ টাকা নিয়েও দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দেননি তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা ও ইভেন্ট সংগঠক প্রমোদ শর্মা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে সোনাক্ষীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তবে, 'দাবাং' অভিনেত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত হননি। পরে আয়োজক অর্থ ফেরত চান।

কিন্তু অভিযোগ উঠেছে, আয়োজকের টাকা ফেরত দিতে অস্বীকার করেন সোনাক্ষীর ম্যানেজার। পরে একাধিকবার সোনাক্ষী সিনহার সঙ্গে যোগাযোগ করেও টাকা ফেরত না পেয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।

সোনাক্ষী এই মামলায় তার জবানবন্দি দিতে মোরাদাবাদে হাজির হন বলে জানা গেছে। কিন্তু, তারপর থেকে তিনি বারবার হাজিরা না দেওয়ায় আদালত জালিয়াতির মামলায় বলিউড ডিভার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে।