হিরানির ২ আলোচিত সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ

স্টার অনলাইন রিপোর্ট

'থ্রি ইডিয়টস' খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সিনেমা 'ডানকি' দিয়ে দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শাহরুখের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হবে সিনেমাটি।

২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু।

অনেকেরই হয়তো জানা নেই, 'ডানকি'তে কাজ করলেও এর আগে রাজকুমার হিরানির ২টি সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ। ২টিই ব্যবসাসফল ও আলোচিত সিনেমা।

rajkumar-hirani-004-322x215.jpg
রাজকুমার হিরানি। ছবি: সংগৃহীত

এর একটি হচ্ছে 'মুন্নাভাই এমবিবিএস'। এ সিনেমায় 'মুন্নাভাই' চরিত্রে প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও পরিচালক রাজকুমার হিরানি ২ জনেরই প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান। কিন্তু পছন্দ না হওয়ায় চরিত্রটি করেননি তিনি।

আরেকটি সিনেমার নাম শুনে চমকে যাবেন অনেক ভক্তই। কারণ সিনেমাটি 'থ্রি ইডিয়টস'। এই সিনেমাটির প্রধান চরিত্রের জন্যও হিরানির প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান। কিন্তু শাহরুখ সেই প্রস্তাবে 'না' বললে তার বদলে আমির খান ওই চরিত্রে অভিনয় করেন।

গতকাল 'ডানকি'র ঘোষণা আসার পর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট একটি ভিডিও শেয়ার করে। সেখানে শাহরুখের বিভিন্ন প্রশ্নের উত্তরে হিরানিকে বলতে শোনা গেছে, সিনেমাটিতে কমেডি, আবেগ, রোমান্স—সবই থাকছে।