করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়কর

স্টার অনলাইন রিপোর্ট

আগামী অর্থবছরে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে আয়করের হারও বাড়ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ করার সময় তিনি এ কথা বলেন।

তিনি জানান, এবারের বাজেটে শুধু আগামী অর্থবছরের কর কাঠামো নয়, করদাতারা যাতে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করতে পারেন, সে লক্ষ্যে আগামী ৫ বছরের একটি ধারাবাহিক রূপরেখাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি অর্থবছরে ব্যক্তিশ্রেণীর সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা রয়েছে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত। এই সীমা আগামী অর্থবছরে আরও ২৫ হাজার টাকা বাড়ছে এবং পরপর দুই অর্থবছর একই সীমা থাকবে।

এরপর ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ এবং ২০৩০-৩১ অর্থবছরের জন্য সাড়ে ৪ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

বিশেষ শ্রেণির জন্য এই সীমা আরও বেশি।

তবে, করমুক্ত আয়সীমা পেরোলে প্রথম ধাপ থেকেই আয়কর দিতে হবে আগের চেয়ে বেশি।

চলতি অর্থবছর পর্যন্ত আয়করমুক্ত সীমার পর প্রথম ১ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হতো। এরপরের ৪ লাখ, ৫ লাখ, ৫ লাখ, ২০ লাখ টাকা পর্যন্ত যথাক্রমে ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ কর ধার্য রয়েছে। এর পরবর্তী মোট আয়ের ওপর দিতে হবে ৩০ শতাংশ।

তবে, আগামী বাজেটে করমুক্ত আয়সীমার পর প্রথম ৩ লাখ টাকার ওপর কর প্রস্তাব করা হয়েছে ১০ শতাংশ। পরবর্তী ৪ লাখ, ৫ লাখ, ২০ টাকা টাকা পর্যন্ত যথাক্রমে ১৫, ২০ ও ২৫ শতাংশ আয়কর প্রস্তাব করা হয়েছে। এরপর অবশিষ্ট আয়ের ওপর কর হার ৩০ শতাংশ।

কত টাকা আয়ে কর কত

২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের জন্য সাধারণ করদাতাদের প্রথম ৩ লাখ ৭৫ হাজার টাকা আয়ের ওপর কোনো কর দিতে হবে। না। এরপরের প্রথম ৩ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং ৩৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

২০২৮-২৯ থেকে শুরু করে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত তিন অর্থবছরে এই হারে কিছুটা পরিবর্তন হবে। বার্ষিক ৩ কোটি টাকার বেশি আয়কারীদের আয়কর দিতে হবে ৩৫ শতাংশ পর্যন্ত।

সেক্ষেত্রে করমুক্ত আয়সীমার পরের প্রথম ৩ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ, ৩ কোটি টাকা পর্যন্ত পরবর্তী আয়ের জন্য ৩০ শতাংশ এবং ৩ কোটি টাকার বেশি আয়ের জন্য ৩৫ শতাংশ আয়কর পরিশোধ করতে হবে।

বিশেষ শ্রেণীর করদাতাদের কর কত

১. নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতা

আগামী ২ অর্থবছরের জন্য নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

পরবর্তী ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ অর্থবছরের জন্য ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

২. তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা

এই শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে আগামী ২ অর্থবছরের জন্য।

এ ছাড়া, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরের জন্য ৫ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

৩. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা

অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, ৫ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত আয় থাকলে কর দিতে হবে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের।

এ ছাড়া, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরের জন্য তাদের করমুক্ত আয়সীমা সাড়ে ৫ লাখ এবং ২০৩০-৩১ অর্থবছরের জন্য ৬ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

৪. প্রতিবন্ধী সন্তানের পিতা–মাতা বা অভিভাবক

কারও প্রতিবন্ধী সন্তান থাকলে পিতা-মাতা বা অভিভাবক নিয়মিত করমুক্ত আয়সীমার পরও বাড়তি ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন।