রুনা লায়লাকে নিয়ে গুজব, মেয়ে তানির ক্ষোভ
‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’ এমন ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
তিনি জানিয়েছেন, তার মা সম্পূর্ণ সুস্থ ও বেঁচে আছেন।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মায়ের সুস্থতার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের ভুয়া খবর ও বিভ্রান্তিকর এআই কনটেন্ট ছড়ানোর বিরুদ্ধে ক্ষোভ জানান।
তানি বলেন, সামান্য কিছু অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই-নির্মিত ইউটিউব ভিডিও ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এসব দেখে তিনি ‘সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ’।
তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে এসব কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন। একটি একটি করে রিপোর্ট করতে থাকবেন, যতক্ষণ না এসব অ্যাকাউন্টের পরিচালনাকারীরা এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করেন।
মায়ের দীর্ঘ সংগীতজীবনের কথা উল্লেখ করে তানি বলেন, তার মা জীবনের ছয়টি দশক সংগীতের জন্য উৎসর্গ করেছেন। এরপরও তাকে নিয়ে এভাবে অসম্মানজনক ও মিথ্যা তথ্য ছড়ানো অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।
রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে তানি স্পষ্ট করে বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।’
রুনা লায়লা সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটি কনসার্টে গান করেন। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক সংগীতানুষ্ঠানেও গান করেন।