পোস্টারেই বাজিমাত, রাকা সিনেমায় কত পারিশ্রমিক পাবেন আল্লু অর্জুন

স্টার অনলাইন ডেস্ক

ভারতের সান পিকচারস তাদের বড় বাজেটের ফ্যান্টাসি-অ্যাকশন প্রজেক্টের নাম ঘোষণা করেছে। এটি পরিচালনা করবেন অ্যাটলি এবং এতে অভিনয় করছেন অল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন। সিনেমাটির নাম রাকা।

বুধবার আল্লু অর্জুনের জন্মদিনে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
 

রাকা নিয়ে যা জানা গেল

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, রাকা হলো বড় আকারের প্যান-ইন্ডিয়ান মেগা প্রজেক্ট। সান পিকচারসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাতে থাকবে অত্যাধুনিক ভিএফএক্স, হাই-অ্যাকশন রিয়েল-টাইম সিকোয়েন্স, ফ্যান্টাসি উপাদান, একাধিক চরিত্রের রূপান্তর এবং আরও অনেক কিছু।

রাকা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
রাকা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

গত বছর সিনেমার শুটিং শুরু হয়। পরে সান পিকচারস একটি ভিডিও শেয়ার করে। যেখানে দেখা যায়, দীপিকা পাডুকোন পরিচালক অ্যাটলির সঙ্গে বসে স্ক্রিপ্ট পড়ছেন। তখন সবাই নিশ্চিত হয়, এই বড় প্রজেক্টে দীপিকা প্রধান চরিত্রে অভিনয় করছেন।

এটি অল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির একসঙ্গে প্রথম কাজ।

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

সিনেমার বাজেট

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির বাজেট প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি রুপি।

এশিয়ানেট নিউজের প্রতিবেদনের অনুযায়ী, রাকাতে অল্লু অর্জুনের পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ১৭৫ কোটি রুপি। এছাড়াও, তিনি সিনেমার লাভের ১৫ শতাংশ নেবেন। সবমিলিয়ে এই সিনেমা থেকে তার মোট আয় ৩০০ কোটি টাকার ওপরে যেতে পারে।

অ্যাটলি জওয়ান সিনেমার সাফল্যের পর, তার পারিশ্রমিক বাড়িয়েছেন। এই সিনেমার জন্য তিনি ১০০ কোটি রুপি নিচ্ছেন। এর আগে তিনি শাহরুখ খানের সিনেমা পরিচালনার জন্য প্রায় ৩০ কোটি টাকা পেয়েছিলেন।

দীপিকা পাডুকোন প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

এছাড়া রাশমিকা মান্দানা পাবেন ৫ থেকে ৭ কোটি রুপি।

তবে এই বাজেটের পরিমাণ আনুষ্ঠানিকভাবে নির্মাতাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

অ্যাটলি শাহরুখ খানের ব্লকবাস্টার জওয়ান এবং তামিল ভাষার হিট সিনেমা ‘মার্সাল’ ও ‘বিগিল’ পরিচালনা করেছেন। তিনি বলেছেন, রাকা তার দীর্ঘদিনের স্বপ্নের প্রজেক্ট।

তার ভাষ্য, রাকা কেবল একটি সিনেমা নয়। বছরের পর বছর ধরে এই সিনেমাটির স্বপ্ন লালন করেছি।

চেন্নাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচারস জানিয়েছে, সিনেমাটি ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিসরে বাড়াতে সহায়তা করবে।

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

অল্লু অর্জুন পুষ্পা: দ্য রাইজ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

মূলত পুষ্পা দিয়েই প্যান ইন্ডিয়া তারকাখ্যাতি পান আল্লু অর্জুন। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৪২ মিলিয়ন ডলার আয় করেছিল। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া সিক্যুয়েল পুষ্পা ২: দ্য রুল বিশ্বব্যাপী প্রায় ১৯৪ মিলিয়ন ডলার আয় করেছে, যা ভারতীয় চলচ্চিত্রের মধ্যে তৃতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড।