‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

স্টার অনলাইন ডেস্ক

আল্লু অর্জুন অভিনীত ও অ্যাটলি পরিচালিত সিনেমা ‘রাকা’ মোশন ক্যাপচারে বিশ্বরেকর্ড গড়েছে। একসঙ্গে ৩৭ জন পারফর্মারকে রিয়েল-টাইমে মোশন ক্যাপচার করার মাধ্যমে নতুন এই রেকর্ড গড়েছে সিনেমাটি।

আজ সোমবার বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, অ্যাটলির ৪০তম জন্মদিন উপলক্ষে সিনেমাটির নির্মাতারা এই ঐতিহাসিক অর্জনের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানান, একসঙ্গে সর্বাধিকসংখ্যক মানুষের রিয়েল-টাইম মোশন ক্যাপচারের ক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে ‘রাকা’।

রেকর্ডটি অর্জনের সময় একসঙ্গে ৩৭ জন পারফর্মারের মোশন ক্যাপচার করা হয়। এ উপলক্ষে আল্লু অর্জুন ও অ্যাটলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ গ্রহণ করেন।

Allu Arjun and Atlee's Raaka sets Guinness World Record for using motion- capture with 37 performers simultaneously | Hindustan Times

সিনেমাটির মোশন ক্যাপচার কাজের বেশ কিছু পর্দার পেছনের দৃশ্যও প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। এসব ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেছে একাধিক পারফর্মারকে। পাশাপাশি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ ও ‘স্পাইডারম্যান’ সিনেমায় কাজ করা কয়েকজন প্রযুক্তিবিদকেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে দেখা গেছে।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, ‘রাকা’ প্যারালাল-ইউনিভার্সভিত্তিক সিনেমা হবে। সিনেমাটির প্রথম পোস্টারে আল্লু অর্জুনকে দেখা গিয়েছিল অর্ধেক মানব, অর্ধেক প্রাণীর মতো এক ভিন্নধর্মী অবয়বে।

তবে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে এখনো বেশিরভাগ তথ্য গোপন রেখেছেন নির্মাতারা। এরই মধ্যে দীপিকা পাড়ুকোনকে সিনেমাটির নারী প্রধান চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

‘রাকা’তে ব্যাপক পরিমাণে সিজিআই ও ভিএফএক্স ব্যবহারের কথা জানা গেছে। সিনেমাটির গান ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন সাই অভয়ঙ্কর।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি দুই পর্বে নির্মিত হতে পারে। গল্পের বিস্তার ঘটবে দুটি ভিন্ন সময়কালে। এর একটি অংশের পটভূমি হতে পারে প্রাচীন এক আদিবাসী যুগ, অন্যটি হবে সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে।

এদিকে হলিউড অভিনেতা উইল স্মিথ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত তার অংশগ্রহণের বিষয়টি নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।