দাঁড়াতে পারছে না ‘রাজু বাহাদুর’, থাই বিশেষজ্ঞ এনে চিকিৎসা
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া হাতি ‘রাজু বাহাদুর’ অন্য হাতির আক্রমণে আহত হয়ে গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন। হাতিটির চিকিৎসা চলছে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শে।
গতকাল বুধবার রাত ১১টার দিকে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, হাতিটি আগের তুলনায় কম খাবার খাচ্ছে। প্রাণীটিকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখনো এটি দাঁড়াতে পারছে না।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিটি অন্য এক হাতির ধাক্কায় মাটিতে পড়ে যায়। পরে এক্স-রে পরীক্ষায় হাতিটির পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ঘটনার কয়েক দিন পর ক্রেনের সাহায্যে হাতিটিকে বালুর ওপর স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই নিবিড় পরিচর্যার মাধ্যমে এর চিকিৎসা চলছে।
গাজীপুর সাফারি পার্কের ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনার দিনই একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি চলে গেলেও তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা অব্যাহত রয়েছে।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট হাতিটিকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসে। উদ্ধারের পর থেকে হাতিটিকে হাতিশালার নির্দিষ্ট স্থানে পায়ে শিকল দিয়ে রাখা হয়েছিল।