চাঁদাবাজি ও নির্যাতনে অভিযুক্ত মাহুতদের কাছেই ফিরিয়ে দেওয়া হলো ২ হাতিকে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে প্রায় দুই বছর ধরে থাকা ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের দুটি হাতিকে তাদের দেখভালকারীদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ।

গত ১২ আগস্ট হাতি দুটিকে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

বন বিভাগ ও সাফারি পার্ক সূত্রে জানা গেছে, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে উদ্ধার করে হাতি দুটিকে সাফারি পার্কে রাখা হয়েছিল।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে মারার ঘটনার পর ‘সম্রাট’কে উদ্ধার করে পার্ক কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে উদ্ধার করা হয় ‘নিহারকলি’কে। হাতিটি দিয়ে রাস্তায় অবৈধভাবে চাঁদা তোলা ও নির্যাতনের অভিযোগ ছিল।

হাতি দুটি ফেরত দেওয়ার বিষয়ে বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী জানান, দেখভালকারীদের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে জিম্মানামা ও মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি বলেন, হাতি দুটিকে আর কোনো ধরনের চাঁদা তোলার কাজে ব্যবহার করা যাবে না, কোনো নির্যাতন করা যাবে না এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে—এমন নানা শর্তে জিম্মানামায় সই নেওয়া হয়েছে।

পার্কে হাতির মৃত্যুর খবরের সঙ্গে ফেরত দেওয়ার বিষয়টি সম্পর্কিত নয় দাবি করে বন বিভাগের এই কর্মকর্তা আরও জানান, সাফারি পার্কে দুটি হাতির মৃত্যুর ঘটনা আলাদা। দেখভালকারীদের পক্ষ থেকে আগে করা আবেদনের প্রেক্ষিতেই যথাযথ নিয়ম মেনে হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।