হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ ফিরেছে সাফারি পার্কে, চলছে স্বাস্থ্য পরীক্ষা
লালন-পালনকারীদের জিম্মায় দেওয়ার মাত্র ১২ দিনের মাথায় ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামে দুই হাতিকে আবার গাজীপুর সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে নিহারকলি ও সকাল ১০টার দিকে সম্রাটকে ট্রাকে করে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে আনা হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাতি দুটিকে আনার পর বন বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন তারা খাবার খাচ্ছে এবং অন্য হাতিদের সঙ্গে বেশ ভালো আছে।
সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইনসহ বেশ কয়েকজন চিকিৎসক হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
আগামীকাল বুধবার সকালে আবারও দুই হাতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
এরপর হাতি দুটির স্বাস্থ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে বলেও জানান তিনি।
গতকাল সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট হাতি দুটিকে শর্ত সাপেক্ষে পৃথক দুই ব্যক্তির জিম্মায় দেয় গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিরা শর্ত ভাঙ্গলে ফের হাতি দুটিকে হেফাজতে নেয় বন বিভাগ।
গতকাল সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ‘নিহারকলি’কে এবং জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান সংলগ্ন এলাকা থেকে ‘সম্রাট’কে উদ্ধার করে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে বন বিভাগ।