ঠাকুরগাঁওয়ে মুখপোড়া হনুমান উদ্ধার, পাঠানো হচ্ছে রামসাগর জাতীয় উদ্যানে
ঠাকুরগাঁও সদর উপজেলার ফরিদপুর গ্রাম থেকে একটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণীটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হচ্ছে।
আজ শনিবার বিকেলে জেলা সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘কয়েকদিন ধরে হনুমানটি এলাকার বিভিন্ন বসতবাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। আজ হঠাৎ হনুমানটিকে দেখে ভিড় জমায় এলাকার উৎসুক জনতা। পরে কৌশলে এটিকে ধরে স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে খবর দেন তারা।’
উদ্ধারের পর হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ধার হওয়া হনুমানটির মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি প্রাণীটিকে ভীত ও ক্লান্তও মনে হয়েছে।’
তার মতে, খাবারের সন্ধানে বনাঞ্চল থেকে দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে হনুমানটি।