জিরাফ কি গণনা পারে?

স্টার অনলাইন ডেস্ক

আমরা জানি, জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলচর প্রাণী। এটাও জানি, লম্বা গলা তুলে সহজেই উঁচু গাছের পাতা খেতে পারে। কিন্তু তারা কি গণনা পারে?

নতুন এক গবেষণা বলছে, কিছু জিরাফ নাকি সাধারণ গণনা বা সংখ্যা বুঝতে পারা।

গবেষণায় দেখা গেছে, তারা বিভিন্ন জায়গায় রাখা গাজরের সংখ্যা মনে রাখতে পারে! তারপর কোন জায়গায় বেশি গাজর আছে, সেটি বুঝতে পারে!

এই গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্সটিফিক রিপোর্টসে। সেই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ন্যাশনাল জিওগ্রাফিক।

ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, গবেষণাটি করা হয়েছে স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানার চারটি জিরাফকে নিয়ে। গবেষণায় ব্যবহার করা হয়েছিল জিরাফের খুব পছন্দের খাবার গাজর।

Giraffes trapped by fences saved by community rangers
ছবি: সংগৃহীত

একজন গবেষক টেবিলের ওপর একটি সবুজ ও দুটি হলুদ বক্স রাখতেন।

প্রথমে দুটি হলুদ বক্স খুলে জিরাফকে দেখানো হতো, কোনটিতে কত টুকরো গাজর আছে। এরপর সবুজ বক্সে থাকা আরও কিছু গাজর দেখানো হতো।

তারপর সব বক্সের ঢাকনা বন্ধ করে সবুজ বক্সের গাজর একটি হলুদ বক্সে রাখা হতো।

জিরাফের কাজ ছিল, কোন হলুদ বক্সে সবচেয়ে বেশি গাজর আছে তা বের করা।

একটি পরীক্ষায় নুরু নামের জিরাফ দেখল, প্রথম হলুদ বক্সে আছে দুই টুকরো গাজর। দ্বিতীয় বক্সে তিন টুকরো। আর সবুজ বক্সে আছে দুই টুকরো। এরপর সবুজ বক্সের দুটি গাজর প্রথম হলুদ বক্সে রাখা হলো।

কিছুক্ষণ পর নুরু প্রথম বক্সটিই বেছে নিল। মজার ব্যাপার হলো, তার সিদ্ধান্ত একেবারে ঠিক ছিল। কারণ সেখানে তখন মোট চার টুকরো গাজর ছিল। পুরস্কার হিসেবে নুরু সেই গাজরগুলো খেয়ে ফেলল।

বিজ্ঞানীদের মতে, নুরু প্রথমে মনে রেখেছিল কোন বক্সে কত গাজর ছিল। তারপর হয়তো বুঝতে পেরেছিল, দুইয়ের সঙ্গে আরও দুই যোগ করলে চার হয়, আর চার তিনের চেয়ে বেশি।

তবে এটি মানুষের মতো খাতা-কলমে অঙ্ক করা নয়। জিরাফ কেবল সংখ্যার পরিমাণ বুঝে সিদ্ধান্ত নিয়েছে।

Giraffe Wallpapers (44 images) - WallpaperCat
ছবি: সংগৃহীত

সব জিরাফ কি পেরেছিল?

চারটি জিরাফের ওপর অনেকবার এই পরীক্ষা করা হয়। এর মধ্যে নুরু ও নজানো নামের একটি পুরুষ জিরাফ বারবার সঠিক উত্তর দেয়।

অন্য দুটি জিরাফও মাঝে মাঝে ঠিক বক্স বেছে নিয়েছিল। কিন্তু শেষবার ছোঁয়া বক্সটি বারবার বেছে নিত। তাই বিজ্ঞানীরা মনে করেন, তারা গাজর গুনে নয়, অন্য একটি ইঙ্গিত দেখে সিদ্ধান্ত নিচ্ছিল।

কেন দুইটি জিরাফ পারল আর দুইটি পারল না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

HD wallpaper: giraffe hd computer desktop | WallpaperFlare
ছবি: সংগৃহীত

তবে বিয়োগে আটকে গেল

এরপর বিজ্ঞানীরা জিরাফদের দিয়ে বিয়োগের মতো কাজ করানোর চেষ্টা করেন। আবার যোগ ও বিয়োগ দুটো একসঙ্গে মিলিয়েও পরীক্ষা করা হয়।

কিন্তু এসব পরীক্ষায় জিরাফ সফল হয়নি।

গবেষকদের ধারণা, বিয়োগের মতো কাজ যোগের চেয়ে বেশি কঠিন।

ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়, একসময় বিজ্ঞানীরা ভাবতেন, সংখ্যা বোঝার ক্ষমতা কেবল মানুষের আছে। এখন জানা গেছে, অনেক প্রাণীই সংখ্যা সম্পর্কে কিছুটা ধারণা রাখতে পারে। 

যেমন, মৌমাছি উড়ে যাওয়ার সময় পথে কতটি চিহ্ন পার হয়েছে, তা মনে রাখতে পারে। আবার নেকড়ে বুঝতে পারে, তাদের দলে বড় শিকার ধরার মতো যথেষ্ট সদস্য আছে কি না।

Giraffe head 1080P, 2K, 4K, 5K HD wallpapers free download | WallpaperFlare
ছবি: সংগৃহীত

জিরাফ কেন গণনায় ভালো

এর আগেও বিজ্ঞানীরা দেখেছিলেন, দুটি ট্রের মধ্যে কোনটিতে বেশি খাবার আছে, সেটি জিরাফ খুব ভালোভাবে বুঝতে পারে।
সেই পরীক্ষায় তারা লামা, বাইসন ও গণ্ডারের মতো আরও আটটি প্রাণীর চেয়ে ভালো ফল করেছিল।

আরেকটি পরীক্ষায় দেখা যায়, সালাদের মধ্যে যেটিতে গাজরের পরিমাণ বেশি, জিরাফ সেটিই বেশি পছন্দ করে।

জিরাফ এই দক্ষতা কী কাজে ব্যবহার করে, তা এখনো নিশ্চিতভাবে জানেন না গবেষকরা।

তবে বিজ্ঞানীদের ধারণা, তারা হয়তো বুঝতে পারে কোথায় বেশি অ্যাকাসিয়া গাছ আছে। আবার শিকারির হাত থেকে বাঁচতে বা নিজের দলে কী হচ্ছে, তা বুঝতেও এই ক্ষমতা কাজে লাগতে পারে।

গবেষক ইকার লোয়িদি বলেন, জিরাফের কাছ থেকে আরও অনেক কিছু শেখার মতো আছে। আর তারা ভাবতে পারে এবং সেভাবে সিদ্ধান্ত নিতে পারে।