সম্মুখ যোদ্ধাদের জন্য আমিরাতের ব্যাংকের বিশেষ সুবিধা
টানা ৩৭ দিন ধরে চলছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ‘হামলা’।
দুই শক্তিশালী দেশের হামলার জবাবে শুধু ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েই থেমে থাকেনি ইরান—সঙ্গে আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও কাতারসহ আরও কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন সেনা ও সেনাঘাটির ওপর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
যার ফলে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে ‘পর্যটন স্বর্গ’ সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। একেবারেই যুদ্ধের সঙ্গে পরিচয় না থাকা মানুষের দিন-রাত এখন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়।
এরই মাঝে ধূধূ মরুভূমিতে হঠাৎ মরুদ্যানের দেখা পাওয়ার মতো এক স্বস্তিদায়ক খবর নিয়ে এসেছে আমিরাতের কয়েকটি ব্যাংক।
আজ রোববার দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
‘আঞ্চলিক অস্থিরতার’ সঙ্গে মানিয়ে নিতে আমিরাতের কয়েকটি ব্যাংক ঋণ স্থগিত রাখা ও কিস্তি পরিশোধে বিশেষ ছাড়ের মতো উদ্যোগ নিয়েছে।
মূলত ক্ষুদ্র ও মাঝারি খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও সম্মুখযুদ্ধে থাকা মানুষদের সহায়তা দিতে এসব সুবিধা চালু করা হচ্ছে।
আবুধাবি ইসলামিক ব্যাংক (আদিব) ‘সানাদনা’ নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে। এর মাধ্যমে ফ্রন্টলাইন যোদ্ধা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো দেরিতে ঋনের কিস্তি পরিশোধ সুবিধা পাবেন।
এই উদ্যোগের আওতায় ২০২৬ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ৩০ থেকে ৬০ দিনের বিলম্বিত কিস্তি সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন ভোক্তারা।
এতে এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও ঋণ পরিশোধের ঝামেলায় না যেয়ে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন ব্যবসায়ীরা।
পাশাপাশি, ‘তাকাফুল সুরক্ষা সমাধান’-এর আওতায় নতুন পিওএস লেনদেনে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন তারা।
আরব আমিরাতের সেনাবাহিনী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশ, বেসামরিক সুরক্ষা দপ্তর ও জরুরি চিকিৎসা সেবাদাতাদেরকে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে বিবেচনা করছে ‘আদিব’ সেবা।
এর মাধ্যমে উর্ধ্বে তিন মাস পর্যন্ত দেরিতে ব্যক্তিগত ঋণ ও গাড়ি ঋণের কিস্তু পরিশোধের সুবিধা পাবেন তারা। এতে বাড়তি কোন চার্জ যোগ হবে না।
অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ০.৯৯ শতাংশ সুদে বেতনের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা, শিক্ষা ঋণে সুদমুক্ত কিস্তি সুবিধা এবং বিনা খরচে কিস্তির মেয়াদ ব্যক্তিগত ঋণে সাত মাস ও গাড়ি ঋণের ক্ষেত্রে ছয় মাস বাড়িয়ে নেওয়ার সুবিধা।
চলমান সংঘাতের জেরে আমিরাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে ও সরবরাহ শৃঙ্খল নিরবচ্ছিন্ন রাখতে হিমশিম খাচ্ছে। এই যুদ্ধে ভ্রমণ, পর্যটন, জাহাজীকরণ ও অন্যান্য খাত বড় আকারে প্রভাবিত হয়েছে।
ফার্স্ট আবু ধাবি ব্যাংক (এফএবি) একই ধরনের কয়েকটি সুবিধা চালু করেছে।
এর মাধ্যমে ফ্রন্টলাইন যোদ্ধারা কম সুদে ঋণ, ক্যাশব্যাক অফার, কিস্তিতে ছাড় ও ঋণ পুনঃতফশিলীকরণের সুবিধা পাবেন।
আমিরাতের প্রথম সারির ব্যাংকটির ২০টি শাখায় ফ্রন্টলাইন যোদ্ধাদের প্রায়োরিটি সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি, অন্যান্য শাখাতেও তারা অন্য গ্রাহকের তুলনায় দ্রুততর সেবা পাবেন।
‘তালাহোম’ উদ্যগের আওতায় আজমান ব্যাংক বিনা খরচে ব্যক্তিগত ঋণের কিস্তির মেয়াদ অন্তত তিন মাস করে বাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে ডিজিটাল ক্রেডিট কার্ডে কেনাকাটায় ২০০ শতাংশ ক্যাশব্যাক অফার এবং আজীবন বার্ষিক ফি-বিহীন কার্ড সেবাও চালু করেছে ব্যাংকটি।
মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ে বাড়ি-গাড়ি কেনার ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি মওকুফ করেছে ব্যাংকটি।
পাশাপাশি আরও কিছু গ্রাহক-বান্ধব সেবাও চালু করছে দেশটি।
সব মিলিয়ে বলা যায়, দেশের মানুষের এই কঠিন দু:সময়ে আমিরাতের প্রথম সারির ব্যাংকগুলো গ্রাহকদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।



